
ইতালিতে যাওয়ার উদ্দেশে্য লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবিতে নিখোঁজ ২৪ বাংলাদেশির মধ্যে একজন মফিজ খান (২৭)। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পূর্ব সমরপুর গ্রামে। মফিজের বাবা নজরুল খান পেশায় কৃষক। বড় সন্তানকে হারিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যরা প্রায় বাক্রুদ্ধ হয়ে পড়েছেন।
মফিজের বাবা নজরুল খান জানান, সবশেষ গত মঙ্গলবার মফিজ মুঠোফোনে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় মায়ের কাছে সাগরপথে ইতালি যাওয়ার কথা জানান। মা এভাবে ইতালি যেতে নিষেধ করেন। শেষে বুধবার মেজো ছেলে ফোন করে জানান, মফিজ ও তাঁর চার বন্ধু ইতালি যাওয়ার জন্য রওনা দিয়েছেন। মেজো ছেলেও সে সময় তাঁকে ইতালি যেতে নিষেধ করেছিলেন। কিন্তু মফিজ কারও কথায় কান দেননি।
মফিজের চাচা আবদুল হালিম খান জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে মফিজ সবার বড়। সাত বছর আগে পরিবারের অভাব মেটানোর জন্য মফিজ ও তাঁর সহোদর টুটুল লিবিয়া যান। প্রায় এক বছর আগে ট্রলারে করে টুটুল ইতালি যান। লিবিয়া থেকে বছর খানেক আগে মিসর গিয়েছিলেন মফিজ। সেখান থেকে দুই মাস আগে লিবিয়া ফেরত যান। এরপর তিনি সাগরপথে সহোদর টুটুলের কাছে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন। গত রোববার প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পারেন, মফিজ মারা গেছেন। এরপর থেকে তাঁরা খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানতে পারেন।
রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ পথে ইতালি যাওয়ার সময় রাজবাড়ীর যুবক মফিজের মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক।