
ইতালির ফ্লিউরলি প্রশাসনিক বিভাগের উদিন প্রদেশে কর্দোভাদো এবং ফ্লেত্তো উমবার্তো দুটি পৌরসভা। দুটির দূরত্ব প্রায় ৫৪ কিলোমিটার। কর্দোভাদো হলো গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত মার্কো তোনদাতের গ্রাম। আর ফ্লেত্তো হলো নিহত ক্রিস্টান রোসির এলাকা।
এই দুই পরিবারের স্বজনেরা দুটি স্থানে পৃথকভাবে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় স্মরণসভার আয়োজন করে। দুটি পৌর প্রশাসনের পক্ষ থেকেই বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়তেই তারা এই স্মরণসভার আয়োজন করেছে। এই স্মরণসভার মধ্যমণি হয়েছিল নিহত রোসির চার বছরের দুই যমজ কন্যা এবং মার্কো তোনদাতের একমাত্র শিশুকন্যা।
ইতালিতে গত ৩০ জুন উদিনের একটি গ্রন্থাগারে অভিবাসন, আপনার যা জানা উচিত শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে হোলি আর্টিজানে নিহত ব্যক্তিদের স্মরণানুষ্ঠানের সূচনা ঘটে। স্মরণানুষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে আসে। ভেনোতে থেকে প্রকাশিত দৈনিক ম্যাসেজ্জেরো পত্রিকায় টানা গত দুদিন প্রথম পৃষ্ঠায় উঠে এসেছে দুই নিহত ব্যবসায়ীর শোক অনুষ্ঠানের খবর।
শনিবার ইতালীয় ভাস্কর জর্জো চেলিবের্তি মার্কোর জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছেন। করতালিমুখর পরিবেশে নগরের মেয়র মার্কোর মেয়েকে নিয়ে ওই ভাস্কর্যের পর্দা উন্মোচন করেন। কান্না চেপে তিনি বক্তব্য দেন। এ সময় মিলনায়তনে গভীর শোকের ছায়া নেমে আসে। মার্কোর স্মরণে এর আগে স্থানীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি মিলনায়তনের পুনরায় নামকরণ করা হয়। আগে এর নাম ছিল ‘মারকোজি’ মিলনায়তন। এখন তাতে যুক্ত করা হয়েছে মার্কো তোনদাতের নাম। এ ছাড়া মার্কোর নামে পৌর কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় একটি স্মৃতি পরিষদও গঠন করা হয়েছে। এই পরিষদ মার্কোর মেয়ের ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব নিয়েছে।
মার্কো তোনদাত ২০১৫ সাল থেকে বাংলাদেশে ছিলেন। মার্কোর স্মরণানুষ্ঠানে তাঁর জীবনসঙ্গিনীর মন্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তবে মার্কোর ভাই প্রথম আলোকে বলেন, ‘লোকবলের অভাবে বাংলাদেশ থেকে তাঁর প্রয়াত ভাইয়ের ব্যবসা তাঁরা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন।’ স্মরণসভায় তিনি বলেন, শোক ভুলতে তাঁরা গত সেপ্টেম্বরে মার্কোর জন্মদিনে কেক কেটেছিলেন।
এদিকে শনিবার রোসির জন্য তাঁর পরিবার ও স্থানীয় পৌরসভা ‘ক্রিশ্চানের সঙ্গে হাঁটা’ শীর্ষক একটি বেলুন শোভাযাত্রায় অংশ নেয়। ক্রিস্টান রোসির সঙ্গে বাংলাদেশের প্রায় দুই দশকের যাতায়াত ও বসবাসের সম্পর্ক ছিল। ছয় বছর আগে রোসির সঙ্গে স্টেফানির বিয়ে হয়েছিল।
স্মরণসভায় স্টেফানি তাঁর স্বামীর উদ্দেশে লেখা একটি কাল্পনিক চিঠি পাঠ করতে শুরু করলে মিলনায়তনজুড়ে নীরবতা নেমে আসে। অনেককে চোখ মুছতে দেখা যায়। স্টেফানি বলেন, ‘প্রিয় ক্রিস্টিন, একটা বছর কেটে গেল, তুমি আমাদের সঙ্গে নেই। তবে তুমি অবশ্যই আমাদের হৃদয়ে বেঁচে আছ। এই বছরটি আমার জন্য বড় কষ্টের ছিল। যদিও তুমি দূর থেকে আমাদের প্রতি অনুক্ষণ নজর রেখেছ। সহযোগিতা করেছ আমাদের সন্তানদের বড় করার জন্য। তোমার প্রতি অনুরোধ রইল, তুমি এভাবেই আড়াল থেকে আমাকে সাহায্য করে যাবে। আমাদের ভালোবাসা আমরণ বেঁচে থাকবে। এটা প্রকৃত ভালোবাসা, তাই একে বাঁচিয়ে রাখতে হলে জীবিত থাকতে হবে, তার কোনো যুক্তি নেই। সব থেকে বড় সত্য, একদিন আমরা পুনরায় একত্র হব এবং আমরা অনন্তকালের সঙ্গী হব।’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আমার মেয়েদের কারও প্রতি ঘৃণা নিয়ে বেড়ে উঠতে দিতে চাই না।’
মার্কোর ভাই ফাবিয়ো তোনদাতকে স্মরণসভায় তাঁর পাশে বসার অনুরোধ করেন কর্দোভাদোর মেয়র ফ্রান্সিসকো তোনো গুচ্ছো। তিনি ইতালির প্রেসিডেন্ট সেরজো মার্তারেল্লার তরফে মার্কোর স্মরণসভায় একটি বাণী পাঠ করেন। মার্তারেল্লা বলেন, ‘এমন একটি বেদনাদায়ক ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কখন ভাবিনি যে এমন একটি শোকসভায় আমাদের কোনো বক্তব্য দিতে হবে। প্রেসিডেন্ট নিহতদের পরিবারের সদস্যদের এই বলে আশ্বস্ত করেন যে তারা যেন নিজেদের অবহেলিত না মনে করেন। রাষ্ট্র তাদের সঙ্গে সহমর্মিতা অনুভব করে। এবং সব সময় তাদের ভালোমন্দে পাশে থাকবে।’
উল্লেখ্য, মার্কোর স্মরণসভায় পোপ ফ্রান্সিসেরও একটি শোকবাণী পাঠ করা হয়। পোপ এতে হোলি আর্টিজানে নিহত সবার পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পোপ প্রার্থনা করেন যে নিহত ব্যক্তিরা পরলোকে শান্তিতে থাকবে এবং আগামী বিশ্ব শান্তিতে ভরে উঠবে।
অনুষ্ঠান শেষে প্রায় মধ্যরাতে রোসির স্ত্রী স্টেফানি, বোন ক্রিস্টিনা রোসি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই মিলে তাকে বাংলাদেশে আর না যেতে পীড়াপীড়ি করছিলাম। সেটা আবহাওয়ার জন্য। কিন্তু রোসি জেদ ধরেছিল, সে বাংলাদেশেই থাকবে।’ বাংলাদেশের প্রতি তিনি নস্টালজিক হয়ে পড়েছিলেন। এমনকি তাঁর মাথায় চিন্তা ছিল পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে চলে যাওয়ার। তাঁরা বললেন, সন্ত্রাসী হামলা সত্ত্বেও বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি তাঁদের ভালোবাসা অটুট রয়েছে।
এই দুই শোকসভায় অন্যদের মধ্যে ফ্রিউরলি আঞ্চলিক পরিষদের প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ইয়াকোব এবং ফ্লেত্তো উমবের্তোর আঞ্চলিক সরকারপ্রধান দানিয়েলে জেরোলিন বক্তব্য দেন। দুটি শোকসভা শেষেই শোকসংগীতের আয়োজন ছিল। মার্কোর শোকসভা শেষে কর্দোভাদোর রাজবাড়িতে (কাস্তেল্লো) ‘এক শহীদের আলেখ্য’ শীর্ষক এক শোকসংগীতের আয়োজন করা হয়। অন্যদিকে রোসির স্মরণসভা শেষে পিয়েৎসা লিবার্তোর খোলা মাঠে শোকসংগীত শেষ হয় বৃষ্টির মধ্য দিয়ে।