ইতালিপ্রবাসী নারী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
জামালপুরের সরিষাবাড়ীতে ইতালিপ্রবাসী লিলি বেগম হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। উপজেলার চর সরিষাবাড়ী গ্রামে গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নিহত লিলি বেগমের স্বামী ইমাম আলী লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ইতালি থেকে ১ জানুয়ারি স্ত্রীকে নিয়ে দেশে আসেন এবং উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে নিজ বাড়িতে যান। লিলি বেগম সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামে তাঁর ভাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে গেলে ১১ জানুয়ারি সন্ধ্যায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা সুমন মিয়ার (২২) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন তাঁর ফুফুর (লিলি বেগম) মাথায় আঘাত করেন এবং পেটে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর সুমন ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা লিলি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১২ জানুয়ারি সুমন মিয়াকে প্রধান আসামি করে ইমাম আলী চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।