ইতালির উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৬০ জনকে উদ্ধার
লিবিয়া থেকে একটি মাছধরা ট্রলারে পালিয়ে যাওয়া ৭৬০ জন শরণার্থীকে গত মঙ্গলবার ইতালির উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁরা বাংলাদেশ, মালি, নাইজেরিয়া ও পাকিস্তানের নাগরিক বলে রেডক্রস নিশ্চিত করেছে। অন্যদিকে, একই দিনে লিবিয়ার মিসরাতা শহর থেকে চার বাংলাদেশি সেবিকাকে (নার্স) উদ্ধার করে রাজধানীতে নেওয়া হয়। দূতাবাসের সহায়তায় তাঁরা এখন দেশে ফেরার চেষ্টা করছেন বলে সেবিকারা জানিয়েছেন।রেডক্রসের একজন কর্মী বলেছেন, ট্রলারে চড়ে আসা শরণার্থীদের ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূল থেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে নবজাতকসহ ১৭ শিশু ও ৬২ জন নারী আছেন।ল্যাম্পেডুসা কোস্ট গার্ডের মুখপাত্র ভিট্টোরিও আলেসান্দ্রো বলেছেন, সমুদ্র শান্ত থাকার সুযোগে দুই দিন আগে তাঁরা ত্রিপোলি থেকে রওনা হন। তাঁদের লক্ষ্য ছিল সিসিলি দ্বীপ। আবহাওয়া খারাপ হওয়ায় তাঁরা ল্যাম্পেডুসার কাছাকাছি আসেন। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। তবে এঁদের মধ্যে কতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন, তা জানা যায়নি। এদিকে, বিবিসি বলেছে মিসরাতা থেকে উদ্ধার করে আনা চার সেবিকা প্রথমে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে যান। সেখান থেকে তাঁরা গতকাল বুধবার ত্রিপোলিতে নিজ নিজ পরিচিতদের বাড়িতে উঠেছেন। এএফপি ও বিবিসি।