ইতালির উপকূলে বাংলাদেশিসহ ৩৬৬ অভিবাসী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় দেশটির উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ওই উপকূলে আরও কয়েকটি নৌকা থেকে বাংলাদেশিসহ আরও ৩৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

ইতালির পুলিশ এসব তথ্য জানিয়ে গত শনিবার বলেছে, চারটি অভিযান চালিয়ে ওই বিপুলসংখ্যক অভিবাসীকে উদ্ধার করা হয়। তবে এর মধ্যে কোন দেশের কতজন আছেন, তা জানানো হয়নি।
মৃত ও জীবিত অভিবাসীরা রাবারের তৈরি তিনটি ডিঙি ও মাছ ধরার একটি কাঠের নৌকায় ঠাসাঠাসি করে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন। উদ্ধার অভিবাসীদের অগস্তা শহরের সিসিলিয়ান বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেখানে পুলিশের বিশেষ দল ইন্টারফোর্সের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করছে পুলিশের এ দলটি।
পুলিশ কর্মকর্তা অ্যান্তোনিও পাঞ্জানারো রয়টার্সকে বলেন, সিসিলিয়ান চ্যানেলে একটি ডিঙি নৌকা ডুবে যাওয়ার পর এর আরোহীদের সহায়তা করতে নরওয়ের উদ্ধারকারী জাহাজ সিয়েম পাইলট ঘটনাস্থলে যায়। তবে সেটি পৌঁছার আগেই অনেকে সাগরে ডুবে যান। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বেঁচে যাওয়া অভিবাসীরা বলেছেন, উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর আগে অন্তত ২০ জন ডুবে মারা গেছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩৬৬ জনকে। তাঁদের মধ্যে ৮২ জন নারী ও ২৫ জন শিশু। বেঁচে যাওয়া নাগরিকেরা মূলত নাইজেরিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও বাংলাদেশের। তিনি বলেন, চারটি নৌযান থেকে চালকসহ সাতজনকে মানব পাচারে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
এশিয়া এবং বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশ থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রায় ইতালি বহু দিন থেকেই গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে তুরস্ক হয়ে গ্রিসে অভিবাসীদের ঢল ঠেকাতে সম্প্রতি আঙ্কারার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি চুক্তি সইয়ের পর প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে ইতালি। সাম্প্রতিক কালে ইউরোপের অভিবাসন-সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএমের তথ্য অনুসারে, ইতালিতে এ বছর প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসীদের আগমন কিছুটা হ্রাস পেয়েছে। কিন্তু ভূমধ্যসাগরের এই পথে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশটিতে সাগরপথে ৬৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছেন।