
ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত মারিও পালমা বলেছেন, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ইতালীয় নাগরিকদের জন্য কোনো সতর্কবার্তা জারি করেনি ইতালি। বরং ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভ্রমণে ইতালীয় নাগরিকদের পরামর্শ দিচ্ছে রোম। খবর বাসসের।
রাষ্ট্রদূত গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দেওয়া এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রদূত মারিও পালমা বলেন, ‘বাংলাদেশ সফরে আমাদের নাগরিকদের জন্য কোনো সতর্কবার্তা জারি করিনি। আমাদের নাগরিকদের আমরা বাংলাদেশ সফরে আসতে বলেছি। আমরা চাই হত্যাকাণ্ডের চলমান তদন্ত সুন্দরভাবে সমাপ্ত হোক।’
ইতালির জন্য সিজার তাবেলা হত্যাকাণ্ড দুঃখজনক মন্তব্য করে ইতালির রাষ্ট্রদূত আরও বলেন, তাবেলা হত্যার বিষয়ে বাংলাদেশ যে তদন্ত চালাচ্ছে, তা কার্যকরভাবে সম্পন্ন দেখতে চায়। বাংলাদেশের তদন্ত শেষ হলেই প্রকৃত বিষয় জানা সম্ভব হবে।
বৈঠককালে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবের। দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গে ওবের বলেন, তাঁরা চলমান তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। এর মাধ্যমে তাঁরা এসব হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে চান।
বৈঠকে মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি দুই নাগরিকের হত্যারহস্য উন্মোচন এখন সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অপতৎপরতা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দৃঢ় মনোভাব ও গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী। তিনি দুই রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রদূত, বিশেষ করে বাংলাদেশ বিমানের সঙ্গে ফ্রান্স ও ইতালির যৌথ মালিকানাধীন কোম্পানি এটিআরের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আগ্রহ দেখান।