ইতালির পিস্তোইয়াকে সামাজিক ব্যবসা নগর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির পিস্তোইয়া শহরকে দেশটির প্রথম সামাজিক ব্যবসা নগর (সোশ্যাল বিজনেস সিটি) ঘোষণা করা হয়েছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বদের অংশগ্রহণ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সামাজিক ব্যবসার একটি ‘কার্যকর পরিবেশ’ সৃষ্টির লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপহার হিসেবে পিস্তোইয়া শহরের মেয়র স্যামুয়েলে বার্তিনেল্লির হাতে সামাজিক ব্যবসা নগরের নামফলক তুলে দেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার পিস্তোইয়ায় চলতি বছরের শুরুতে একটি চুক্তির মধ্য দিয়ে সামাজিক ব্যবসা প্রসারের উদ্যোগ নেয়। সামাজিক ব্যবসা নগর হিসেবে ঘোষিত পিস্তোইয়ার স্থানীয় সরকার এখন থেকে সামাজিক ব্যবসার মাধ্যমে যুব কর্মসংস্থান, বয়স্কদের সহায়তা, পরিবেশ সংরক্ষণসহ স্থানীয় বিভিন্ন সমস্যা মোকাবিলা করবে। অধ্যাপক ইউনূস ‘স্থানীয় উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতায় সামাজিক ব্যবসা ও সামাজিক নতুনত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বিজ্ঞপ্তি।