ইতালির বলোনিয়ায় নাগরিকত্ব পেলেন অধ্যাপক ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস
অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে ইতালির বলোনিয়া শহর কর্তৃপক্ষ। এ উপলক্ষে সেখানকার সিটি হলে গত বুধবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরটির মেয়র ভার্জিনিও মেরোলা, ইতালির পার্লামেন্টের স্পিকার লরা বলদ্রিনি, সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ও তাঁর স্ত্রী, সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সিমোনা লেমব্রি প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা লরা বলদ্রিনি অধ্যাপক ইউনূসের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ইতালিসহ বিশ্বের অন্যান্য স্থানে এসব কাজের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। ইতালির বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়। বলোনিয়ার ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই অধ্যাপক ইউনূসের পাঁচ দিনব্যাপী ইতালি সফর শেষ হয়। ‘মিলান এক্সপো ২০১৫’ শীর্ষক প্রদর্শনীর বিশেষ আয়োজনে তিনি এ সফর করেন এবং মিলান শহরে গত মঙ্গলবার ‘দি আদার হাফ অব দ্য প্ল্যানেট—উইমেনস উইক’ শীর্ষক কর্মসূচিতে মূল বক্তব্য দেন। সমান সুযোগ পেলে নারীরা সর্বোত্তম দক্ষতা দেখাতে পারে বলে তিনি মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি।
এর আগে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত মিলানে অনুষ্ঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড ফোরামে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ইউনূস। বিজ্ঞপ্তি।