ইতালীয় ধর্মযাজক হত্যাচেষ্টার মামলায় অভিযোগপত্র গ্রহণ

দিনাজপুর শহরে ইতালীয় ধর্মযাজক ও চিকিৎসক পিয়েরো পিচমকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাত জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে পলাতক থাকা তিন জঙ্গির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আজ বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হক এ আদেশ দেন। মামলার এজাহারে নাম থাকা জেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার চার জঙ্গিকে কড়া পুলিশি প্রহরায় দিনাজপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আজ দুপুরে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. বজলুর রশিদ সাত জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

দিনাজপুর পুলিশের কোর্ট পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, অভিযোগপত্রে যে সাত জঙ্গির নাম উল্লেখ করা হয়েছে, এঁদের মধ্যে মো. শরিফুল ইসলাম ওরফে ডেনিস ওরফে সিফাত ওরফে জিদ (২৮), মো. সাখাওয়াত হোসেন ওরফে শফিক (২৬), সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান (৩৩) ও আবদুর রহমান ওরফে পিন্টু ওরফে বাদশা (২২)—এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন জঙ্গি রাজীবুল ইসলাম বাদল ওরফে বাঁধন (২৫), আবদুল খালেক ওরফে খালেদ ওরফে মামা (২৮) ও মো. রাজীব ওরফে সুজন ওরফে জাকির (২৫) এখনো পলাতক। বিচারক সাত জঙ্গির বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে আগামী ২ আগস্টের মধ্যে পালিয়ে থাকা ওই তিন জঙ্গিকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ঘটনার পরপর জড়িত সন্দেহে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু আলা মাহবুবুর রহমান এবং রংপুর কারমাইকেল কলেজের ছাত্রশিবির নেতা মো. রাজীবুর রহমান ওরফে পলাশ ও আসাদুজ্জামান মিলন ওরফে শিমুলকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু পরবর্তী সময়ে তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় এই তিনজনকে বিচারক আজ মামলা থেকে অব্যাহতি দেন।

গত বছরের ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের সুইহারী বিআরটিসি বাস টার্মিনালের পাশে ইতালীয় নাগরিক ধর্মযাজক পিয়েরো পিচমকে জঙ্গিরা হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পিয়েরো পিচম চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ডিসেম্বরে নিজ দেশে ফিরে যান। এ ঘটনায় দিনাজপুর বিশপ হাউসের পক্ষে কোতোয়ালি থানায় মামলা করা হয়।