কলেজছাত্রী ইতি চাকমা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার ও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে ইউপিডিএফ-সমর্থিত পাঁচ নারী সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। লিখিত বক্তব্যে বলা হয়, খাগড়াছড়ি কলেজের ছাত্রী ইতি চাকমা, কুমিল্লার সোহাগী জাহান তনুর হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে তাঁরা শঙ্কিত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, নারী আত্মরক্ষা কমিটির সদস্যসচিব উক্রাচিং মারমা, সাজেক নারী সমাজের তথ্য ও প্রচার সম্পাদক শান্তি দেবী চাকমা ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শান্তি প্রভা চাকমা।
সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ এপ্রিল সমাবেশ, ১ মে জনপ্রতিনিধি ও পেশাজীবী সমাবেশ, ১ জুন আধা ঘণ্টাব্যাপী প্রতীকী রাজপথ অবরোধ ও অবস্থান ধর্মঘট, ১ মে থেকে ১২ জুন পর্যন্ত মাসব্যাপী গণসংযোগ ও পাড়া গ্রামে প্রতিবাদী নারী সমাবেশ এবং ১২ জুন নারী নির্যাতনবিরোধী সমাবেশ।