ইতিবাচক অভিজ্ঞতার বৈশ্বিক তালিকায় বাংলাদেশ তলানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

২০১৬ সালে ১৪২টি দেশের প্রায় ১ লাখ ৪৯ হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়

গ্যালাপ একটি জরিপে বলছে, বিশ্বের যে ১০টি দেশের মানুষের ইতিবাচক অভিজ্ঞতা সবচেয়ে কম, তার একটি বাংলাদেশ। লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ের মানুষের ইতিবাচক অভিজ্ঞতা সবচেয়ে বেশি। আর ইতিবাচক অভিজ্ঞতা সবচেয়ে কম মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের।

‘গ্যালাপ ২০১৭: বৈশ্বিক আবেগ’ শীর্ষক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদন বলছে, ইতিবাচক অভিজ্ঞতা কম থাকার অর্থ এই নয় যে দেশটির নেতিবাচক অভিজ্ঞতা বেশি। বিশ্বে সবচেয়ে বেশি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইরাকের। সবচেয়ে বেশি নেতিবাচক অভিজ্ঞতার দেশের তালিকায় বাংলাদেশ নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে এই জরিপ ফলাফল প্রকাশ করেছে। ২০১৬ সালে ১৪২টি দেশের প্রায় ১ লাখ ৪৯ হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয় ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাসংক্রান্ত পৃথক প্রশ্নমালার মাধ্যমে। সাক্ষাৎকারগুলো ফোনে বা মুখোমুখি নেওয়া হয়।

গ্যালাপ বলছে, প্রতিবেদনটিতে বৈশ্বিক আবেগ পরিস্থিতি প্রতিফলিত হয়েছে। প্রথাগত অর্থনৈতিক সূচক যেমন জিডিপিতে মানুষের আবেগ বা অনুভূতি প্রতিফলিত হয় না। গ্যালাপের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা সূচকে জীবনের স্পর্শাতীত বিষয়গুলো মাপার চেষ্টা করা হয়েছে।

ইতিবাচক অভিজ্ঞতা সূচকে উত্তরদাতাকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল। এগুলো হচ্ছে গতকাল কি আপনার বিশ্রাম ভালো হয়েছিল? গতকাল যেখানে চিকিৎসা নিয়েছিলেন সেখানে কি সম্মানের সঙ্গে চিকিৎসা হয়েছিল? গতকাল কি আপনি অনেক হেসেছিলেন? গতকাল কি ভালো বা আগ্রহ-উদ্দীপক কিছু শিখেছিলেন বা করেছিলেন? গতকাল আপনি কেমন আনন্দ করেছিলেন?

দেশের ক্ষেত্রে নম্বর বা স্কোর দেওয়া হয় ০ থেকে ১০০-এর মধ্যে। বেশি নম্বর পাওয়ার অর্থ সেই দেশের মানুষের ইতিবাচক আবেগ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্কোরের সঙ্গে জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগে যুক্ত থাকার বিষয়গুলো জড়িত।

৮৪ নম্বর পেয়ে ইতিবাচক অভিজ্ঞতার শীর্ষে আছে প্যারাগুয়ে। এরপর কোস্টারিকা, তারপর পানামা। তালিকার চার নম্বরে আছে এশিয়ার দেশ ফিলিপাইন। ১৪২টি দেশের মধ্যে ইতিবাচক অভিজ্ঞতা কম এমন ১০টি দেশের তালিকা দেওয়া হয়েছে। তালিকার ষষ্ঠ স্থানে বাংলাদেশ (প্রাপ্ত নম্বর ৫৫)। ইতিবাচক অভিজ্ঞতার নম্বর সবচেয়ে কম ইয়েমেনের (প্রাপ্ত নম্বর ৫১)।

নেতিবাচক অভিজ্ঞতা সূচকেও উত্তরদাতাকে পাঁচটি ভিন্ন প্রশ্ন করা হয়েছিল। এগুলো হচ্ছে গতকাল কি আপনার কোনো শারীরিক যন্ত্রণার অনুভূতি হয়েছে? গতকাল আপনি কি উদ্বেগ বোধ করেছেন? গতকাল কি আপনি বিষণ্ন বোধ করেছেন? গতকাল কি আপনি মানসিক চাপ অনুভব করেছেন? গতকাল আপনি ক্রোধান্বিত হয়েছেন?

এ ক্ষেত্রে বেশি নম্বর বা স্কোর পাওয়ার অর্থ সেই দেশের মানুষের নেতিবাচক অভিজ্ঞতা বা আবেগ বেশি পরিমাণে পরিব্যাপ্ত। বেশি পরিমাণে নেতিবাচক নম্বর পাওয়ার সঙ্গে মানুষ স্বাস্থ্য সমস্যা এবং খাদ্যপ্রাপ্তির সামর্থ্যের সম্পর্ক আছে।

১০টি দেশের তালিকা তৈরি করে গ্যালাপ বলছে, এদের নেতিবাচক অভিজ্ঞতা বেশি। তালিকার শীর্ষে ইরাক (নম্বর ৫৮)। এরপর আছে দক্ষিণ সুদান (৫৫) ও ইরান (৫২)।

নেতিবাচক অভিজ্ঞতা সবচেয়ে কম কিরগিজস্তানে (নম্বর ১২)। এরপরে আছে উজবেকিস্তান (নম্বর ১৪) ও তাইওয়ান (নম্বর ১৫)।

ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতার মিলিত সূচকের ভিত্তিতে বলা হচ্ছে, বিশ্বে সবচেয়ে আবেগপ্রবণ দেশ হচ্ছে ইকুয়েডর, তারপর এল সালভাদর।