হূদয়ের টান উপেক্ষা করতে পারেননি। তাই ছুটে এসেছেন বন্ধুর ডাকে। অবসান ঘটেছে দীর্ঘদিনের প্রতীক্ষার। প্রাণের উৎসবে তাই ছিল বাঁধনহারা উচ্ছ্বাস। চট্টগ্রামসহ ১৩টি বন্ধুসভার সদস্যরা গতকাল শুক্রবার মাতিয়ে রেখেছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমী। প্রায় ৪০০ বন্ধুর অংশগ্রহণে দীর্ঘদিন পর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘বন্ধু উৎসব’। ‘সবারে বাসিব ভালো’ শিরোনামে চট্টগ্রাম বন্ধুসভা এ উৎসবের আয়োজন করে। দিনব্যাপী উৎসবে ছিল আলোচনা, গান, নাচ, আবৃত্তি, মূকাভিনয় ইত্যাদি।গতকাল সকালে জাতীয় ও বন্ধুসভার পতাকা এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। মূল উৎসব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশনের প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবে বক্তব্য দেন মনোচিকিৎসক মোহিত কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও উপপরিচালক (জনসংযোগ ও মিডিয়া) ফিরোজ আলম, বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকী নন্দন ও প্রশিক্ষণ সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস ও সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ হোসাইন প্রমুখ।মনোচিকিৎসক মোহিত কামাল বন্ধুদের উদ্দেশে বলেন, কৌতূহলেও মাদক নেওয়া যাবে না। মাদক গ্রহণ না করলে আনস্মার্ট হয়ে যাবে, মাদক গ্রহণকারীরা তোমার সমালোচনা করবে কিংবা তোমার প্রতি সহিংস হয়ে উঠবে, এ ধরনের নেতিবাচক চিন্তাধারায় প্রভাবিত হওয়া যাবে না। বরং ইতিবাচক চিন্তা ও ইতিবাচক মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। উৎসবে সূচনা সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, কাপ্তাই, পটিয়া, কক্সবাজার মেডিকেল কলেজ, ফেনী, মীরসরাই, খুলশি ও এনায়েতবাজার মহিলা কলেজ বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া চুয়েট বন্ধুসভার বন্ধুরা ‘হুজুগে বাঙালি’ শিরোনামে মূকাভিনয় ও নাচ পরিবেশন করে উপস্থিত বন্ধুদের মাতিয়ে তুলেন। উৎসবের সহযোগিতায় ছিল ওয়ালটন, নেসক্যাফ ও ম্যাগি।