ইতিবাচক বাংলাদেশের সঙ্গে রয়েছেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন স্পষ্টত দুটি ধারায় বিভক্ত। একটি ইতিবাচক ধারা, অন্যটি নেতিবাচক ধারা। ইতিবাচক বাংলাদেশের সঙ্গে রয়েছেন তরুণেরা। তাঁরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) মিলনায়তনে জয়ধ্বনি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে বক্তাদের আলোচনায় ঘুরেফিরে ইতিবাচক কাজে তারুণ্যের শক্তি ও সাহসের বিষয়টি উঠে আসে।
চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবের টাইটেল স্পনসর প্রথম আলো। উৎসবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়সহ ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
গতকাল বিকেলে চুয়েট ক্যাম্পাসে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, মানবমনের বিকাশে সংস্কৃতির অবদান অনস্বীকার্য। দেশে সংস্কৃতিচর্চা যত বাড়বে তত অপসংস্কৃতি ও কুসংস্কার দূর হবে। এই চর্চার মাধ্যমেই জাতি আলোর সন্ধান পাবে। এ জন্য সংস্কৃতিচর্চা বাড়ানো উচিত।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রথম আলো সব সময় তরুণদের পাশে থাকতে চাই। তারুণ্যের সহযোগী হতে চায়। তিনি বলেন, চরম সংকটময় মুহূর্তেও নিজের জীবনকে তুচ্ছ করে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন ফারাজ আইয়াজ হোসেন। বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। এ দেশের তারুণ্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছেন ফারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এবারের উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্য রয়েছে মঞ্চনাটক, আলোকচিত্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্ট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।