ইতিবাচক মানসিকতা থাকলে কেউ আটকাতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম বলেছেন, অন্যের ওপর নির্ভরশীল না হয়ে আত্মপ্রত্যয়ী হতে হবে। এ ক্ষেত্রে টাকা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইতিবাচক মানসিকতা ও কঠোর পরিশ্রম থাকলে কোনো তরুণকে কেউ আটকাতে পারবে না। তাই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। স্বপ্ন দেখতে হবে। জীবনে পরিবর্তন আনতে হবে। আর এ পরিবর্তন আনতে হলে চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো কথা নেই।
গতকাল শুক্রবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলরুমে তিন শতাধিক শিক্ষার্থীর সামনে এক ঘণ্টার বক্তৃতায় এসব কথা বলেন সাবিরুল ইসলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে মার্কেটিং ক্লাবের আয়োজনে ও রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্টের সহব্যবস্থাপনায় দেশব্যাপী সাবিরুলের এ বক্তব্যের সহযোগী প্রথম আলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান মুহম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মার্কেটিং বিভাগের প্রভাষক নাহিদ শাহ ও মো. মঈনুল হাছান, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।
সাবিরুল ইসলাম বলেন, তরুণদের সামনে অপার সম্ভাবনা। ওই সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি স্বপ্ন দেখতে হবে। চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। জীবনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমি ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছি, সবার চোখে উদ্যমী মনোভাব দেখেছি। সেই উদ্যমকে কাজে লাগাতে হবে।’ বক্তব্যের পর সাবিরুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।