ইতিবাচক মানসিকতায় পরিবারে ফোটে বন্ধন নামের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজব্যবস্থায় যখন একটি ছেলে স্বাবলম্বী হন, তখন তাঁকে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয়। তারপরই ঘটে যত বিপত্তি। সবার ক্ষেত্রে নয়, তবে বেশির ভাগ মানুষের ক্ষেত্রে। অধিকার ছাড়া আর ধরে রাখার খেলায় ছেলেটি হয়ে যান খেলনার বস্তু। স্ত্রীর বিরুদ্ধে মায়ের অভিযোগ, মায়ের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ শুনতে গিয়ে সুখের ছন্দপতন হয়। ফলে চরম অশান্তি আর পারিবারিক বন্ধন ছিন্ন হয়।

এ ক্ষেত্রে তিনটি পক্ষের ইতিবাচক মানসিকতাই পারে পারিবারিক সম্পর্কের বন্ধন দৃঢ় করতে।

শাশুড়িদের করণীয়
নিজেদের অবস্থান থেকে ছেলেকে আগলে রাখার অধিকার খানিকটা ছেড়ে দিন। কিছু অধিকার ছেড়ে দিলেই আবার শক্তপোক্তভাবে ধরে রাখার মতো অবস্থান তৈরি হয়।

ছেলের যত্নাদি যেমন—খাবার বেড়ে দেওয়া, ঘর গোছানো, ছেলের জিনিসপত্র, জামাকাপড় এগিয়ে দেওয়ার দায়িত্বটুকু পুত্রবধূর হাতে ছেড়ে দিন। তাঁকে নিজের আরেকটি সন্তানের মতো ভাবুন। মেয়েটি কোনো কাজ না জানলে কটু কথা নয় বরং শিখিয়ে দিন। মনে রাখবেন, মেয়েটি তাঁর আপনজন ছেড়ে আপনার পরিবারকেই আপন করতে এসেছেন। ঠিক আপনি বহু বছর আগে যেভাবে আপন করে নিয়েছেন। বিয়ের আগে ছেলে বাসায় এসে যে সময়টা আপনাকে দিতেন, সেই সময় থেকে কিছুটা সময় পুত্রবধূকে দিতে দিন। পুত্রবধূ যদি চাকরিজীবী হন, তবে বেতনের অর্থটা কোথায় খরচ করেন—এ ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। তিনি যদি কিছু অংশ দিয়ে তাঁর বাবার পরিবারে আর্থিক সাহায্য করতে চান, তবে তা নিয়ে কটু কথা বলবেন না।

পুত্রবধূ অফিস থেকে বাসায় ফিরলে তাঁর কাজে সাহায্য করুন, যদি আপনি কাজ করতে সমর্থ হন।

পুত্রবধূদের করণীয়
চিরচেনা পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে এসে নতুন মানুষগুলোকে আপন করতে শিখুন। শ্বশুর-শাশুড়িকে যথাযথ সম্মান করুন। নিজের মা-বাবাকে ঠিক যেমনটা সম্মান করেন, ভালোবাসেন; তাঁদেরও সেভাবে ভালোবাসার মানসিকতা গড়ে তুলুন। তাঁদের প্রতি যত্নশীল হোন। অবসরে শাশুড়িকে সময় দিন, তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, তাঁর কাজের প্রশংসা করুন। আপনি যদি চাকরিজীবী হন, তবে নিজের বেতনের কিছু অংশ হাতখরচের জন্য তাঁদের হাতে দিন। মনে রাখবেন, আপনি যদি বিনয়ী ও নমনীয় হন, তবে অপর পাশের মানুষগুলো রুক্ষ হলেও আপনার ব্যবহারে বদলে যেতে বাধ্য হবে।

ছেলের করণীয়
যেকোনো এক পক্ষের কথা শুনে কোনো বিষয় যাচাই করতে যাবেন না। মায়ের কাছে স্ত্রীকে এবং স্ত্রীর কাছে মাকে ছোট করবেন না।

তাঁদের দুজনের প্রতি ভালোবাসা-সম্মানের জায়গাগুলো আলাদা। দুটিকে এক করে বিষয়টাকে গুলিয়ে ফেলবেন না। দুজনকেই যথাযথ সময় দিন। দুজনের মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখুন। নিজের উপার্জনের কিছু অর্থ মা এবং স্ত্রীর হাতখরচের জন্য বরাদ্দ রাখুন, আপনার স্ত্রী চাকরিজীবী হলেও তাঁকে হাতখরচ দিতে কার্পণ্য করবেন না। যদি আপনার সংসার সঠিকভাবে পরিচালনা করে উদ্বৃত্ত অর্থ থেকে থাকে। বিশ্বাস করুন, আপনার মা ও স্ত্রী সেই অর্থ বাজে কাজে খরচ করবেন না।

শাশুড়ি ও পুত্রবধূর একত্রে করণীয়
দুজনই দুজনকে অবসরে সময় দিন। বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখুন। পরিবারে একসঙ্গে চলতে গেলে মতের অমিল, মনোমালিন্য হতেই পারে। এ বিষয়গুলো নিয়ে শাশুড়িরা ছেলের আর স্ত্রীরা স্বামীর কান ভারী না করে নিজেরা একসঙ্গে বসে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন।

আজকাল বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। অপরদিকে শ্বশুর-শাশুড়িকে ছেড়ে ছোট পরিবার গঠনের ফলে গৃহকর্মীর কাছে সন্তানেরা অনিরাপদ হয়ে উঠছে। বিশেষ করে চাকরিজীবী নারীদের সন্তানেরা। যার ফলে সমাজে সৃষ্টি হচ্ছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। এর মূল কারণ হচ্ছে পারিবারিক বন্ধন ছিন্ন হওয়া। আমাদের সমাজে নেতিবাচক মনোভাব পোষণ করার কারণে সৃষ্টি হয় শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে দূরত্ব। আর এর প্রভাব পড়ছে আমাদের সন্তানদের ওপর। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার মনোভাব নিয়ে বেড়ে উঠছে না। ফলে সন্তান হয়ে উঠছে সংকীর্ণমনা।

সুতরাং পরিবারের প্রত্যেক সদস্যের ইতিবাচক মনোভাবই পারে পারিবারিক বন্ধন মজবুত করতে এবং সেই সঙ্গে গড়ে তুলতে পারে সুস্থ সমাজ। আসুন, সবার মধ্যে ইতিবাচক মনোভাব ধারণ করে সামনে এগিয়ে যাই, ফুটিয়ে তুলি বন্ধন নামের ফুল।

*লাবিবা সালাত, ব্যাংকার, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড