প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের উদ্যোগে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বিকেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সরকারের গৃহীত সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে এডিবির কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করা হয়। কান্ট্রি ডিরেক্টরকে আরও জানানো হয়, বিশ্বব্যাংককে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব উদ্যোগের কথা জানানো হবে। বৈঠকে এডিবির পক্ষ থেকে বলা হয়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মূল অর্থায়নকারী বিশ্বব্যাংকের মনোভাবের ওপর নির্ভর করছে এডিবির পরবর্তী অবস্থান। বিশ্বব্যাংক যদি অর্থায়ন করতে রাজি থাকে, তবে এডিবির তাতে কোনো আপত্তি থাকবে না। বৈঠকে এডিবি সহায়তাপুষ্ট অন্য প্রকল্পগুলো সম্পর্কেও আলোচনা হয়।