জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে উন্মুক্ত আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। গতকাল শুক্রবারের ওই আলোচনায় মিয়ানমারের রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধ, ত্রাণকর্মীদের সেখানে অবারিতভাবে কাজ করতে দেওয়া এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশের কূটনীতিকেরা মনে করছেন, বিশ্ববাসী বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে আছে, এটার প্রতিফলন হয়েছে ওই আলোচনায়। নিরাপত্তা পরিষদ থেকে পাওয়া এই বার্তা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক।
বাংলাদেশের কূটনীতিকদের মতে, নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনার পর সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপের ব্যাপারে দীর্ঘসূত্রতার আভাস আছে। কারণ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশির ভাগ দেশই বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। যদিও মিয়ানমারের প্রতি সমর্থনের প্রকাশ ঘটেছে চীন ও রাশিয়ার অবস্থানে। তাই সমস্যা সমাধানে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। নিরাপত্তা পরিষদের আলোচনায় কোনো সিদ্ধান্ত না এলেও সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয়েছে বলে তাঁদের মত।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তা পরিষদে এ ধরনের আলোচনা অনেকে আশা করেনি। তা ছাড়া বিষয়টি যাতে নিরাপত্তা পরিষদে আসতে না পারে, সে জন্য মিয়ানমার সব ধরনের চেষ্টা চালিয়েছিল। কিন্তু নিরাপত্তা পরিষদ রোহিঙ্গাদের সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেছে। আলোচনা থেকে স্পষ্ট হয়েছে, বিশ্ববাসী বাংলাদেশের পাশে আছে। এটিকে সময়সাপেক্ষ ও ইতিবাচকভাবেই দেখছি।’ তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা থাকবে রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায় নিরাপত্তা পরিষদ ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে।
তবে নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলের হতাশা খুব স্পষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় মিয়ানমারের বর্বর গণহত্যাকে চীন ও রাশিয়ার সমর্থন করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানো, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারকে সমর্থন করা দ্বিচারিতা। এ ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়।
বাংলাদেশের একাধিক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হতে পারে। প্রস্তুতিটা সেভাবেই নেওয়া উচিত। তবে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে ১৫ সদস্যের পরিষদে বাংলাদেশের সমর্থনের পাল্লাটা ভারী। এটা বৈশ্বিক জনসমর্থনেরও প্রতিফলন। রাশিয়া কেন এভাবে মিয়ানমারের পক্ষে কথা বলেছে, এটা বুঝতে হবে। তবে এটাও ঠিক, রোহিঙ্গা নির্যাতনের পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তাতে চীন আগের চেয়ে অন্তত কিছুটা হলেও নমনীয় হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইয়াঙ্গুনে রাশিয়ার রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশের কূটনীতিকদের বলেছেন, রাখাইনের সব জনগোষ্ঠীরই ‘মানুষের মর্যাদা’ পাওয়া উচিত। একই কথা বলেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতও। সূত্রটি প্রশ্ন তুলেছে, ঢাকা ও ইয়াঙ্গুনে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকেরা যদি রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল হন, তবে মস্কো কেন বিষয়টিকে অন্যভাবে দেখছে?
বাংলাদেশের কূটনীতিকেরা এটাও বলছেন, নিরাপত্তা পরিষদের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও সমস্যা সমাধানের ভিত রচনা করেছে। এটাকে দ্রুত কাজে লাগিয়ে সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতে হবে। কারণ, আন্তর্জাতিক জনমত বাংলাদেশের পক্ষে এখন যেভাবে আছে, তা দীর্ঘদিন এমনটাই থাকবে—এটা ভাবা ঠিক হবে না। কাজেই আন্তর্জাতিক সমর্থনকে কাজে লাগাতে শুধু সরকারি পরিসরে যোগাযোগ সীমিত না রেখে বিভিন্ন দেশের জনগণকে এই প্রক্রিয়ায় যুক্ততার জন্য সৃজনশীল উদ্যোগ নেওয়া দরকার।
জ্যেষ্ঠ কূটনীতিকদের মতে, রোহিঙ্গা সমস্যা সমাধানে শুধু চীন ও রাশিয়া নয়, ভারতের জোরালো সমর্থনও বাংলাদেশের জন্য জরুরি। তাই বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন থাকার ওই সময়টাতে দ্রুত ভারত, চীন ও রাশিয়ার জোরালো সমর্থনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো কী করেছে, কতটা করেছে, তারও মূল্যায়ন হওয়া উচিত। রাশিয়া, চীন ও ভারতের জোরালো সমর্থন এখনো কেন পাওয়া যায়নি, সেটাও খতিয়ে দেখা উচিত। ঢাকায় এই তিন দেশের শীর্ষ কূটনীতিকেরা জনসমক্ষে আর রুদ্ধদ্বার আলোচনায় বাংলাদেশের পাশে শক্তভাবে থাকার আশ্বাস দিয়ে আসছেন। তবে তিন দেশের রাজধানীর জোরালো সমর্থনের প্রতিফলন দৃশ্যমান হয়নি।