ইতিমধ্যে আসা পুরোনো জাহাজ ছাড় পাচ্ছে
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পুরোনো বা পরিত্যক্ত জাহাজ আমদানির জন্য কোনোভাবেই আমদানি নীতি আদেশের শর্ত শিথিল করা হবে না। তবে আগের আমদানি নীতির আওতায় যেসব জাহাজ ইতিমধ্যেই দেশে এসে গেছে, সেগুলোকে ছেড়ে দেওয়া হবে। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যমান আমদানি নীতি লঙ্ঘিত হওয়ায় বেশ কয়েকটি পুরোনো জাহাজ চট্টগ্রাম কাস্টমসের কাছে আটকা রয়েছে। জাহাজগুলোর আমদানিকারকদের কাছ থেকে কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক নিচ্ছে না, ছাড়ও করছে না। তবে এগুলো যেহেতু আগের নীতি আদেশ অনুযায়ী আনা হয়েছে এবং এগুলোর আমদানি ঋণপত্রও (এলসি) আগের, এবারকার মতো তাই ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে কেউ আমদানি নীতি আদেশ লঙ্ঘন করে পুরোনো জাহাজ আনতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। ফারুক খান জানান, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত ২৬ জানুয়ারি জারি করা আমদানী নীতি আদেশ অনুযায়ী, বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করতে চাইলে যে দেশ থেকে আমদানি করা হবে, সেই দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র নিতে হবে। প্রত্যয়নপত্রে উল্লেখ থাকতে হবে যে, ‘জাহাজটি বিষাক্ত বর্জ্যমুক্ত’। কিন্তু গত বুধবার পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার বিদ্যমান আমদানি নীতির শর্ত শিথিল করতে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে একটি আধাসরকারি চিঠি (ডিও) পাঠিয়েছেন। পরের দিন বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) একই উদ্দেশ্যে আরেকটি চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়কে। বাণিজ্যসচিব জাহাজ আমদানিকারকদের পক্ষে নোট দিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠালেও বাণিজ্যমন্ত্রী তা অনুমোদন করেননি। গত শনিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আনতে নীতি শিথিল করার উদ্যোগ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যোগাযোগ করলে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকারের কাছে আশা করব, পরিবেশের দিক বিবেচনায় ভবিষ্যতে যাতে আমদানি নীতির সংশ্লিষ্ট শর্ত শিথিলের কোনো উদ্যোগ না নেওয়া হয়।’