ইতির আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা ইতি অপমান সইতে না পেরে আত্মহত্যা করায় প্ররোচিতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের মাঠে তারা এ মানববন্ধন করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী তারিক, ইতির বাবা পল্লি চিকিৎসক আবদুর রশীদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।ইতির বাবা আবদুর রশীদ জানান, সিংগারদিঘী গ্রামের মাসুদ ফরাজী তিন মাস আগে থেকে তাঁর মেয়ে ইতিকে উত্ত্যক্ত করছে। গত ১৬ ফেব্রুয়ারি বুধবার বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ১৮ ফেব্রুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের কক্ষেই প্রস্তুতি চলছিল। সেখানে গিয়ে মাসুদের মা রোমেনা খাতুন ও খালা কুলসুম আক্তার ইতিকে তাঁর ছেলে মাসুদের সঙ্গে যোগাযোগ করার মিথ্যা অভিযোগে গালমন্দ ও চড়-থাপড় মেরে শাসিয়ে যান। এরই অপমানে ইতি ১৭ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে ঘরের দরজা বন্ধ করে তার মায়ের কাপড় গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।ইতির আত্মহত্যায় প্ররোচনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম জানান, ‘মামলার চার আসামিকে গ্রেপ্তারের জন্য শ্রীপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আমি সার্বক্ষণিক তৎপর রয়েছি।’