ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে পঞ্চগড়ে সাইকেল ভ্রমণ
পঞ্চগড়ের ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে বোদা উপজেলার বৈরাতী উচ্চবিদ্যালয়ের ৩০ স্কাউট সদস্যের পাঁচ দিনব্যাপী সাইকেল ভ্রমণ শনিবার বিকেলে শেষ হয়েছে। পঞ্চগড় প্রথম আলো বন্ধুসভা ভ্রমণে সহযোগিতা করেছে। ভ্রমণের প্রতিপাদ্য ছিল ‘সাইকেলে ভ্রমণ করব, পরিবেশ দূষণমুক্ত রাখব, পঞ্চগড়ের ইতিহাস জানব’। পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম আলো বন্ধুসভার লোগোসহ গেঞ্জি ও টুপির মোড়ক উন্মোচন এবং সাইকেল ভ্রমণ উদ্বোধন করেন। বৈরাতী উচ্চবিদ্যালয়ের স্কাউট লিডার দীপকচন্দ্র সরকার জানান, পাঁচ দিনে পাঁচ উপজেলার এই ভ্রমণে স্কাউট সদস্যরা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক গুরুত্ব এবং মহান স্বাধীনতাযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস জানতে পেরেছে। দলের সর্বকনিষ্ঠ সদস্য ষষ্ঠ শ্রেণীর দৃষ্টি সরকার বলে, ‘সাইকেল ভ্রমণে এসে খুবই আনন্দ লেগেছে। জেলার অনেক কিছু জানতে ও দেখতে পেরেছি।’ দলনেতা দশম শ্রেণীর ছাত্র খালিদ বলে, ‘পাঁচ দিনে পাঁচটি উপজেলা ভ্রমণ করেছি। প্রতিদিন একটি উপজেলার দর্শনীয় ও ঐতিহাসিক নিদর্শনগুলো দেখেছি এবং জানতে পেরেছি।’