ইতিহাস ও ঐতিহ্যের আলোকে চলচ্চিত্র নির্মাণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে চলচ্চিত্রের উপজীব্য হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণে অর্থ নয়, বিষয় নির্বাচন ও পরস্ফুিটনে প্রতিযোগিতা থাকতে হবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চলতি বছর থেকে চালু হওয়া ‘জাতীয় চলচ্চিত্র দিবসে’ ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ব্যক্তিদের হাতে তিনি সম্মাননা তুলে দেন।এফডিসি প্রতিষ্ঠায় শিল্পমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আনা বিলটি ১৯৫৭ সালের ৩ এপ্রিল পাস হয়েছিল। দিনটি স্মরণীয় করে রাখতে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করা হয়। ২০১০ সালের জন্য ২৫ জন শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।প্রধানমন্ত্রী পারিবারিকভাবে উপভোগ করা যায় এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ একদিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমরা ক্রিকেটে পারছি। নারীর ক্ষমতায়নে পারছি। দারিদ্র্য বিমোচনে পারছি। শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাসে পারছি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের সামর্থ্য প্রমাণ করতে পারছি। সমুদ্র জয় করেছি। প্রতিবন্ধী ক্রীড়াবিদেরা দেশের জন্য সম্মান বয়ে এনেছে। চলচ্চিত্রেও পারব।’ প্রধানমন্ত্রী মানুষের আশা-আকাঙ্ক্ষা, জীবনের সত্য ও সুন্দর রূপ এবং বাংলার শাশ্বত কাহিনি চলচ্চিত্রে প্রকাশ করারও আহ্বান জানান।যাঁরা পুরস্কার পেলেন: চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়ার হোসেন। মনের মানুষ ছবিতে শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জাকর হিসেবে পুরস্কার পেয়েছেন বিবি রাসেল। একই চলচ্চিত্রে শ্রেষ্ঠ মেকআপম্যান আবদুর রহমান, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মহীউদ্দিন ফারুক পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সম্পাদক (অবুঝ বউ) মজিবুর রহমান দুলুর পক্ষে পরিচালক নারগিস আক্তার, শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (গহীনে শব্দ) কাজী সেলিম, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (গহীনে শব্দ) হাসান আহমেদ, শ্রেষ্ঠ সুরকার (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) শেখ সাদী খান, শ্রেষ্ঠ গীতিকার (নিঃশ্বাস আমার তুমি) কবির বকুল, শ্রেষ্ঠ গায়িকা (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) শাম্মী আক্তার, শ্রেষ্ঠ গায়ক (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) এস আই টুটুল, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) জাকির হোসেন, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (অবুঝ বউ) নারগিস আক্তার, শ্রেষ্ঠ কাহিনিকার (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) জাকির হোসেন, শ্রেষ্ঠ শিশুশিল্পী (চাচ্চু আমার চাচ্চু) দীঘি, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) রুমানা, প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (ওরা আমাকে ভালো হতে দিল না) পূর্ণিমা, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা (নিঃশ্বাস আমার তুমি) আফজাল শরীফ, খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (ওরা আমাকে ভালো হতে দিল না) মিজু আহমেদ, পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (জীবন মরণের সাথী) এম এ আলমগীর, প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) শাকিব খান, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক (মোঘল এ আযম) ইমদাদুল হক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক (অবুঝ বউ) সুজেয় শ্যাম, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক (গহীনে শব্দ) খালিদ মাহমুদ এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক (গহীনে শব্দ) ফরিদুর রেজা সাগর পুরস্কার পেয়েছেন।অনুষ্ঠানে জাকির হোসেন কবিতা আবৃত্তি করেন। পুরস্কার বিতরণ শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।