অভ্যন্তরীণ আদালতে আন্তর্জাতিক অপরাধের বিচার চূড়ান্ত করে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। কারণ বিশ্বের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের বিচার জাতিসংঘের কোনো সম্পৃক্ততা ছাড়াই কোনো দেশের জাতীয় আদালতে সম্পন্ন হলো। ৪১ বছর ধরে এই বিচারের সংবিধানসম্মত দরজা নিরবচ্ছিন্নভাবে খোলা রাখা হয়েছিল এবং আজ সকালে দেশের সর্বোচ্চ আদালতে সর্বসম্মতভাবে কাদের মোল্লা দোষী সাব্যস্ত হয়েছেন। অবশ্য তাঁকে দণ্ডদানের প্রশ্নে আদালত একমত হতে পারেননি। পাঁচজন বিচারকের মধ্যে ফাঁসির সিদ্ধান্ত ঘোষিত হলো চার-এক ভোটে।
তবে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে একটি আইনগত বিতর্ক দেখা দিয়েছে। অন্যদিকে জামায়াত যথারীতি একটি স্ববিরোধী প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের শীর্ষ আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, ‘এই রায় মানতে তাঁরা বাধ্য। তাঁরা সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ভুল রায় বিবেচনায় তাঁরা এর বিরুদ্ধে রিভিউ করবেন।’ একই সঙ্গে জামায়াত আইন ও যুক্তির পথ ছেড়ে দেশব্যাপী ৪৮ ঘণ্টার দুর্ভাগ্যজনক হরতাল ডেকেছে। নিয়ম হলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউর জন্য দরখাস্ত করা যাবে। অবশ্য আপাতত রায়ের স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজের কাছে তারা নিবেদন পেশ করতে পারে।
এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ পিটিশন দাখিলের অধিকার নেই মর্মে যে অভিমত দিয়েছেন, তা নতুন করে একটি আইনগত বিতর্কের জন্ম দিতে পারে। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল তাঁদের নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে যে ব্যাখ্যা দিলেন, তা অনাবশ্যক বিতর্ক সৃষ্টি করতে পারে বলে প্রতীয়মান হয়। আইনমন্ত্রী মনে করেন, এটি বিশেষ আইন; তাই রিভিউ নয়, কেবল প্রাণভিক্ষার সুযোগ আছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই। কারণ, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের কোথাও নির্দিষ্টভাবে রিভিউর অধিকারের কথা বলা নেই। আবার এই অধিকার নেই, তাও নির্দিষ্টভাবে খর্ব করা হয়নি। রিভিউর অধিকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্দিষ্টভাবে তা সংবিধানের ১০৫ অনুচ্ছেদে দেওয়া আছে।
সংবিধানের ১০৫ অনুচ্ছেদ বলছে, ‘সংসদের যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে এবং আপীল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধি-সাপেক্ষে আপীল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে।’ আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল ভ্রান্তিপূর্ণ ও অসতর্ক মন্তব্য করেছেন। কাদের মোল্লার পক্ষে রিভিউর দরখাস্ত করা হলে রাষ্ট্রপক্ষ হয়তো সংবিধানের ৪৭ (ক) অনুচ্ছেদের আলোকে রিভিউর অধিকার নেই, সেই যুক্তি তুলে ধরতে পারে। ৪৭ (ক) অনুচ্ছেদ নির্দিষ্টভাবে কাদের মোল্লাসহ যেকোনো অভিযুক্ত ও দণ্ডিত যুদ্ধাপরাধীর জন্য সংবিধানের ৩১, ৪৪ ও ৩৫ অনুচ্ছেদের ১ ও ৩ দফায় নিশ্চয়কৃত অধিকারসমূহ প্রযোজ্য হবে না বলেছে। এরপর ২ দফা বলেছে, ‘এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, এই সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তির থাকিবে না।’ ব্যারিস্টার আমীর-উল ইসলামও মনে করেন, এখানে উল্লিখিত ‘সংবিধানের অধীনে কোনো প্রতিকার’ বলতে ১০৫ অনুচ্ছেদটিও পড়বে। কিন্তু আমি তা মনে করি না। অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আমি একমত যে, এই অনুচ্ছেদ সত্ত্বেও কাদের মোল্লার রিভিউর অধিকার খর্ব হয়নি। আর ৪৭ (ক) অনুচ্ছেদে বর্ণিত ‘প্রতিকার’ মানে ১০২ অনুচ্ছেদের আওতায় প্রতিকার না পাওয়া।
তবে বিরাজমান বাস্তবতায় এ নিয়ে অনভিপ্রেত বিতর্ক করা কিংবা রিভিউর শুনানি হতে না দিয়ে তাড়াহুড়ো করা কিংবা অতি-উত্সাহীদের কবলে পড়া কিংবা নির্বাচনী প্রচারণার কাজে ফায়দা লাভের প্রবণতায় ফাঁসির রায় কার্যকর করার যেকোনো প্রচেষ্টা বুমেরাং হতে পারে।
বিবিসির প্রতিবেদনে দেখলাম, জামায়াতের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, ‘এই প্রথম কোনো দক্ষিণ এশীয় বিচারিক আদালতের দেওয়া শাস্তি আপিলে আরো কঠোর করা হয়েছে।’ এটি সঠিক নয়। ২০০৫ সালের ১৮ নভেম্বর ভারতের একটি বিচারিক আদালত চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ২০০৭ সালের ৮ অক্টোবর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাদের সাজা বাড়িয়ে যাবজ্জীবনে উন্নীত করে। আপিলে সাজা বাড়ানো যায় না, সুপ্রিম কোর্ট ২০১১ সালে দণ্ডিতদের এই যুক্তি নাকচ করে বর্ধিত দণ্ড বহাল রাখেন। ১৯৮৪ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ওয়াজম্যান বনাম সুপ্রিম কোর্ট মামলায় বলেন, ‘আপিলে অভিযুক্তকে আরও কঠোর দণ্ড দেওয়া হলে তাতে পঞ্চম সংশোধনীতে দেওয়া অধিকার বা ডিউ প্রসেসের নীতির লঙ্ঘন বলে গণ্য হবে না।’ বিশ্বের অন্য আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের সাজা বৃদ্ধি ও হ্রাস উভয় নজিরই আছে।
যদিও এই ট্রাইব্যুনালের গঠন ও আইনগত নানা দিক ‘আন্তর্জাতিক মানসম্মত’ কি না, সেই প্রশ্নে দেশি-বিদেশি বিভিন্ন মহলের উদ্বেগ রয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশ এই নজির স্থাপন করল যে, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার-প্রক্রিয়ার আদলে তৈরি করা আইনটির সার্থক প্রয়োগ নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামী এই রায়ের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করলেও এটাই বড় সত্য যে, তাদের আইনজীবীরা ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে সর্বতোভাবে আইনি লড়াই চালিয়েছেন।
১৯৭৩ সালের আইনটি যদিও পাকিস্তানি দখলদার বাহিনীর ১৯৫ জন অভিযুক্ত যুদ্ধাপরাধীর বিচারের জন্যই প্রণয়ন করা হয়েছিল, তবু সেখানে তাদের দোসরদেরও বিচারের বিধান রাখা হয়। ১৯৭৩ সালে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়েছিল এ আইনকে সাংবিধানিক রক্ষাকবচ দেওয়ার জন্য। এটা তাত্পর্যপূর্ণ যে, গত ৪১ বছরের বাংলাদেশের ঝঞ্ঝাক্ষুব্ধ রাজনৈতিক ইতিহাসে সংবিধান বিভিন্নভাবে কাটাছেঁড়া হলেও এই আইনটি ও একে হেফাজতকারী সংবিধানের ৪৭ অনুচ্ছেদটি কেউ বিলোপ করেনি। সে কারণেই আজ সুপ্রিম কোর্টের রায় পেল জাতি।
জামায়াতের বর্তমান মিত্র বিএনপি তাদের পাশে রয়েছে ঠিকই, কিন্তু এটাও সত্য যে, বিএনপি নির্দিষ্টভাবে কোনো রায় নাকচ করেনি। এমনকি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন যখন তুঙ্গে, তখন তারাও সংহতি প্রকাশ করেছিল। কিন্তু কেবল সরকারের ‘রাজনৈতিক দুরভিসন্ধির’ অভিযোগ তুলে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের জন্য এই রায় একটি অনন্যসাধারণ অর্জন।
বিএনপি চুপ রয়েছে। এই চুপ স্বাধীনতাবিরোধীদের প্রতি সহমর্মিতারই বহিঃপ্রকাশ, তা ধরে নেওয়া ঠিক নয়। এটা অনেক বেশি কৌশলগত। আওয়ামী লীগ তার ধারণার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনকালে জামায়াত প্রশ্নে এ রকম চুপ থেকেছে। মওদুদ আহমদ বলেছেন, ‘তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া নেই। তাঁর দলের থাকতে পারে।’ কিন্তু মওদুদ তাঁর গত বছর প্রকাশিত বইয়ে আমাদের প্রকারান্তরে স্মরণ করিয়ে দিয়েছেন, জামায়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দেওয়া বিএনপির আগের হলফনামা আজও অটুট। সেখানে বলা হয়েছে, হানাদার বাহিনীর দোসর হিসেবে স্বাধীনতাবিরোধী জামায়াত রাজাকার-আলবদর সৃষ্টি করেছিল।
মিজানুর রহমান খান: সাংবাদিক