জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ইতিহাস তুলে ধরে উন্নত চলচ্চিত্র নির্মাণ করুন

চলচ্চিত্র নির্মাতাদের প্রতি দেশের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরে উন্নত ধারার চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় প্রয়োজনীয় সব রকম সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে ২৫টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া চিত্রনায়িকা শাবানা এবং সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চলচ্চিত্র কলাকুশলীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চাই যাঁরা বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করেন, তাঁরা আরও উন্নতমানের এমন সিনেমা করবেন, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি সবকিছু ধারণ করতে পারে এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আমাদের এই শিল্পটা আরও মর্যাদা অর্জন করতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’ প্রধানমন্ত্রী এ সময় চলচ্চিত্রের কলাকুশলীদের দুঃসময়ে সহায়তার জন্য বিদ্যমান ট্রাস্ট ফান্ডটিকে আরও উন্নত করার ঘোষণা দেন। তিনি এই ট্রাস্ট ফান্ডকে একটি স্থায়ী রূপ দেওয়ার কথাও উল্লেখ করেন।
তাঁর সরকার সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে চায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আধুনিক সিনেপ্লেক্স যাঁরা নির্মাণ করবেন তাঁরা কিন্তু ট্যাক্স হলিডে পেতে পারেন। সিনেমা হলের আধুনিকায়নেও অনেক সুযোগ আমরা দিচ্ছি এবং এ জন্য প্রয়োজন হলে আর্থিক সহায়তাও দেব।’
পুরস্কার বিজয়ী এবং জুরিবোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, এখানে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সত্যিকার শিল্পীর যেন মূল্যায়ন হয়।’
এ দেশে সিনেমা আন্দোলনের অতীত স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৫৪ সালে যুক্তফ্রন্টসহ আওয়ামী লীগ নির্বাচিত হলো। যুক্তফ্রন্টের সরকার গঠন হলো। তখনই কিন্তু এই বাংলাদেশে (তৎকালীন পূর্ববঙ্গে) চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু উৎসাহিত করেছিলেন বাঙালিদের বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণের। তাই মুখ ও মুখোশ সিনেমাটি সেই ১৯৫৪ সালে প্রথম নির্মিত হয়।’
শেখ হাসিনা বলেন, সাভারের কবিরপুরে ১৯ কোটি ৮০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন রয়েছে। এখানে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি গড়ে উঠবে। তিনি বলেন, ইতিমধ্যে ৬৪টি জেলা ও চারটি উপজেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ। তথ্যসচিব মুর্তজা আহমদ স্বাগত বক্তব্য দেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনয়শিল্পী পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সায়মন-নিপুণ, রিয়াজ-পপি, ফেরদৌস-অপু বিশ্বাস, জায়েদ খান-আইরিন, মিশা সওদাগর, বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ছিল তামান্না রহমানের নৃত্য পরিবেশনা।