ইতিহাস না জানলে পরিপূর্ণ জ্ঞানী হওয়া যায় না: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস শুধু অতীত ঘটনার বিবরণ নয়, এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের চলমান প্রক্রিয়ার ভাষ্য। মানবসভ্যতার বিভিন্ন পর্যায় সম্পর্কে সবারই জানা প্রয়োজন। ইতিহাস না জানলে কেউ পরিপূর্ণ জ্ঞানী হতে পারে না।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে দেওয়া ভিডিও বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এটি ছিল ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বাদশ পুনর্মিলনী।রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর বক্তব্যে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করেন। তিনি জানান, ১৯৫৪ সালে ঢাকা সফররত পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি এক সংবর্ধনা সভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষণ দেন। সদ্য এমএ পরীক্ষা দেওয়া জিল্লুর রহমান কিছু সতীর্থসহ এর প্রতিবাদ করে সভা ভণ্ডুল করে দেন। এর ফলে তাঁর পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ‘শিক্ষকেরা আমাদের উত্তম শিক্ষা দিয়েছিলেন। তাই জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।’অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, সাবেক সচিব সোলায়মান খান মজলিশ, শফিকুর রহমান পাটওয়ারী, ফরিদ উদ্দিন, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, আ. মান্নান পাটওয়ারী, সাংসদ জিল্লুল হাকিম, ইকবালুর রহীম, বেনজীর আহমেদ প্রমুখ।