হয়রানির অভিযোগে ২৫ বাস আটকালেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইতিহাস পরিবহনের ২১ টি বাস আটকে রেখেছেন। ছবি: প্রথম আলো।
শিক্ষার্থীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইতিহাস পরিবহনের ২১ টি বাস আটকে রেখেছেন। ছবি: প্রথম আলো।

শিক্ষার্থীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইতিহাস পরিবহনের ২৫টি বাস আটক করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বাসগুলো আটক করেন তাঁরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিরপুর-গাবতলী-ইপিজেড সড়ক চলাচলকারী ইতিহাস পরিবহনের বাস আটকাতে শুরু করেন।

বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, ইতিহাস পরিবহনের ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইতিহাস পরিবহনের বাসগুলোর কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এর ফলে শিক্ষার্থীরা একজোট হয়ে বাসগুলো আটক করেছেন বলে জানান।

এসব হয়রানি বন্ধে মালিকপক্ষের আশ্বাস পেলে বাসগুলো ছেড়ে দেওয়া হবে—এমন কথা শুনে বিকেল সাড়ে চারটার দিকে মালিক পক্ষের লোকজন ক্যাম্পাসে যান। তাঁরা শিক্ষার্থী, ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক রিপন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিকিট কাউন্টার স্থাপন, ছাত্র ভাড়া গ্রহণ এবং হয়রানি ও দুর্ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বাসমালিক পক্ষ।