ইতিহাস বিকৃতি রোধে সামছুল আরেফিনের গবেষণা সহায়ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

সামছুল আরেফিন কেবল একজন মুক্তিযোদ্ধাই নন, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় তাঁর অবদান অসামান্য। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে তাঁর বই সহায়ক হবে। মুক্তিযুদ্ধ নিয়ে নতুন প্রজন্মের গবেষণায় সামছুল আরেফিনের বই আকরগ্রন্থ হয়ে থাকবে। গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর ও তাঁর ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সামছুল আরেফিন মুক্তিযুদ্ধকে ধ্রুবতারার মতো লক্ষ্য করে পথ হেঁটেছেন। তাঁর নাম গৌরবের সঙ্গে থাকবে। আর সামছুল আরেফিন বলেন, তাঁর এ গবেষণার কাজ আগামী প্রজন্মের গবেষকদের কাজে যদি সহায়তা করে তাহলে নিজেকে ধন্য মনে করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক মধুর। তারপরও পরস্পরের মধ্যে কিছু অনাস্থাবোধ কাজ করে। ভারত মনে করে বাংলাদেশ মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে কি না। আর আমরা মনে করি, ভারত আমাদের সঙ্গে বড় ভাইসুলভ আচরণ করে কি না। সে জায়গা থেকে সামছুল আরেফিন দুই দেশের মধ্যে মেলবন্ধনে আবদ্ধ করার জন্য কাজ করছেন।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আড়াল না করতে এবং সঠিক ইতিহাসচর্চায় আরেফিনের বই ভূমিকা রাখবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি তাণ্ডব হয়েছে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। আরেফিন ভাইয়ের গবেষণা বইয়ে দেখতে পেয়েছি যে সে জেলায় সবচেয়ে বেশি রাজাকার রয়েছে।’ অনুষ্ঠানে আমন্ত্রিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান সঞ্চালক সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক আবেদ খান, ভারতীয় সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সহসভাপতি ভারতীয় লেখক সত্যম রায় চৌধুরী, ভারতীয় প্রকাশক ত্রিদিব চ্যাটার্জি, শংকর মণ্ডল, সাংসদ আবদুল ওয়াদুদ, সাংসদ পঙ্কজ নাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ।