রাজনৈতিক উদ্দেশ্য সাধনে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের সাজা দেওয়া উচিত। একটি রাজনৈতিক দলসহ বিশেষ একটি চক্র এ দেশের স্বাধীনতার ইতিহাস, এমনকি জাতির পিতাকে কটাক্ষ করেও নানা কথা বলছেন। এগুলোকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলে ষড়যন্ত্রকারীরা নতুন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর কন্যা কেয়া চৌধুরীর উপস্থাপনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব।
বিএনপির নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাম্প্রতিক সময়ের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ করে হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পরে এসব ‘প্রলাপ’ বকে তারেক বা তাঁর দল কোনো সুবিধা পেতে চাচ্ছে কি না সেটা দেখবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এসব প্রলাপের কারণে নতুন প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় সেটা দেখার দায় সাধারণের।
স্বাধীনতা পদকপ্রাপ্ত সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী বলেন, স্বাধীন দেশে বাস করে যাঁরা বঙ্গবন্ধুকে মানে না তাঁরা এ দেশের নাগরিক হওয়ারই যোগ্য নন।
মুক্তিযুদ্ধের স্মৃতি ও ’৭১ সালে এপ্রিলের শুরু থেকে মুজিবনগরে প্রথম সরকার গঠনের ধারাবাহিকতা বর্ণনা করে সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, জিয়া এই ইতিহাস জানতেন বলেই তিনি কোনো দিন নিজেকে স্বাধীনতার ঘোষক বা দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেননি।
স্বাধীনতা ঘোষণাপত্রের প্রণেতা ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এখন যা হচ্ছে তা দেশের মানুষের ইতিহাস সচেতনতার অভাবে হচ্ছে।
সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হলে তা হবে দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তাই এখনই ইতিহাস বিকৃতি ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার খালেদ মোশারফের কন্যা সাংসদ মাহজাবীন খালেদসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা।