চার দশক পেরিয়ে গেলেও একাত্তরের মুক্তিযুদ্ধের নৈর্ব্যক্তিক ইতিহাস রচিত হয়নি। ইতিহাস রচনায় পাকিস্তান সিদ্ধান্ত নিয়ে নীরবতা পালন করেছে। আর বাংলাদেশ ওই যুদ্ধের কিছু বিষয়ে নীরব থেকেছে। তাই দ্বিতীয় প্রজন্মের ইতিহাস রচনার সময় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েই বাংলাদেশের অভ্যুদয়ের সত্যিকার ঘটনাগুলো তুলে ধরা বাঞ্ছনীয়।গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিনে বক্তারা এ অভিমত দেন। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস), দ্য কাউন্সিল অব আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টারস ও ১৯৭১ কালেকটিভের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করেছে।‘মনে রাখা ও ভুলে যাওয়া’ শীর্ষক দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব টেক্সাসের নৃতত্ত্বের অধ্যাপক কামরান আসদার আলী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ইতিহাসের ব্যক্তিক ও রাষ্ট্রিক পরিপ্রেক্ষিত তুলে ধরে বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে গণতন্ত্রের জন্য লোকজন গণহত্যার শিকার হয়েছে। আর গণহত্যায় যেহেতু ব্যক্তি সম্পৃক্ত, তাই এ প্রসঙ্গটির অবশ্যই সুরাহা হওয়া প্রয়োজন।অধ্যাপক ইমতিয়াজ বলেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার করেছে। কিন্তু এ বিচার সরকারের পরিধির মধ্যে সীমিত রাখা যাবে না। তেমনই এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করাটা ঠিক হবে না।পাকিস্তানি ঔপন্যাসিক সুরাইয়া খান যুদ্ধের না-বলা স্মৃতি বিষয়ে বক্তব্য দেন। সুরাইয়া একাত্তরকে কেন্দ্র করে রচিত তাঁর নুর উপন্যাসের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, ‘লেখার শুরুতে পাকিস্তানি সেনাদের সাক্ষাৎকার গ্রহণ করি। এরপর ওই ভাষ্য যাচাই করতে বাংলাদেশ সফর করি। বাংলাদেশে এসে উপন্যাস নিয়ে আমার পরিকল্পনা পাল্টে যায়। যেভাবে ভেবেছিলাম, তা থেকে সরে এসে অন্যভাবে উপন্যাসটি লিখি। আমার উপন্যাসটি আসলে কিছু মানুষের না-বলা স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে।’ লেখিকার মতে, একাত্তর নিয়ে পাকিস্তানে ইচ্ছাকৃতভাবে নীরবতা পালন করা হয়। আর বাংলাদেশে ওই যুদ্ধের কিছু অধ্যায় চেপে যাওয়া হয়েছে।রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা বলেন, যুদ্ধে হারানোর শোক থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে, সাহসিকতার সঙ্গে এ শোককে বরণ করে নেওয়া।ইয়াসমিন সাইকার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে ইউনিভার্সিটি অব আমস্টারডামের ইতিহাসের অধ্যাপক উইলিয়াম ভ্যান শ্যান্ডেল একাত্তর নিয়ে প্রথম প্রজন্মের ইতিহাসের সীমাবদ্ধতার কিছু বিষয় তুলে ধরেন। তিনি মনে করেন, দ্বিতীয় প্রজন্মের ইতিহাস রচনায় গুণগত মান ও কর্মকৌশলের ওপর জোর দেওয়া উচিত। শ্যান্ডেল বলেন, একাত্তর নিয়ে ইতিহাস রচনায় ঘটনার নির্ভুল বিবরণ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে মানুষের চাহিদার বিষয়টিকে বিবেচনায় রাখতে হবে।করাচি ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ জাফর আহমেদ বলেন, পাকিস্তানের পাঠক্রমে একাত্তরের কোনো উল্লেখ নেই। ইচ্ছা করেই এটা করা হয়েছে। শুধু বিএড কোর্সে মাত্র ১০ লাইনে একাত্তর নিয়ে বলা হয়েছে। ওই বর্ণনায় বলা হচ্ছে, ভারতের কারণে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির উন্নয়ন সমাজবিজ্ঞানের অধ্যাপক স্যালি ফিল্ডম্যান জাতীয় ইতিহাস রচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকার ওপর আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর নতুন প্রজন্মকে একাত্তর নিয়ে সংবেদনশীল করছে। এটি আর দশটা সাধারণ ঐতিহাসিক জাদুঘর নয়। এটি একটি রাজনৈতিক প্রকল্প, যা সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি করা হয়েছে।পাকিস্তানি লেখক আসিফ আসলাম ফারুকী বলেন, পাকিস্তানে ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তি নিয়ে যত কাজ হয়েছে, একাত্তর নিয়ে তেমন কিছুই হয়নি। তাই অনেকের কাছেই এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। যেহেতু পাঠ্যবইতে বিষয়টি নেই, তাই ওই নয় মাসে কী ঘটেছিল, তা নিয়ে অনেকের মধ্যে অবিশ্বাস রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব ও সংগীত বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ তাঁর প্রবন্ধ ও নাটকে বাঙালি জাতীয়তাবাদ এবং ইতিহাসের অধ্যাপক সোনিয়া আমিন চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ কীভাবে উঠে এসেছে তা উপস্থাপন করেন।আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ এম হাশেমি।