ইতিহাসকে আন্দোলনে পরিণত করেছেন মুনতাসীর মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন ইতিহাসকে আন্দোলনে পরিণত করেছেন। এই ক্ষুদ্র জীবনে তিনি এরই মধ্যে ৩০৮টি বই লিখেছেন। তাঁর শ্রেণিকক্ষ চার দেয়ালে সীমাবদ্ধ থাকেনি। পুরো বাংলাদেশই তাঁর শ্রেণিকক্ষ।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মুনতাসীর মামুনের ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, খুলনা’, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, হাশেম খান-পারভীন ট্রাস্ট, বাংলাদেশ চর্চা, কথাপ্রকাশ, সুবর্ণ ও জার্নিম্যান বুকস।
অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে নাগরিক সমাজের আন্দোলনের তাত্ত্বিক ভিত নির্মাণে মুনতাসীর মামুনের অবদান অনস্বীকার্য। তিনি এমনই এক বাতিঘর যা শুধু ছাত্রদের নয়, পুরো জাতিকে আলোকিত করছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বাংলাদেশের ইতিহাস অবশ্যপাঠ্য করতে মুনতাসীর মামুনের প্রচেষ্টার প্রশংসা করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, অধ্যাপক মামুন বাঙালির অস্তিত্ব নিয়ে লেখেন, সংগ্রামের কথা লেখেন। এর মাধ্যমে তিনি খুব দ্রুতই সাধারণ মানুষের কাতারে চলে আসেন। তাই তিনি এত জনপ্রিয়।
শিল্পী হাশেম খানের সভাপতিত্বে ও শিশুসাহিত্যিক আলী ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ ও মেসবাহ কামাল বক্তব্য দেন। অনুষ্ঠানে মুনতাসীর মামুনকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনান কবি তারিক সুজাত।
জন্মদিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, জাতীয় জাদুঘর, আন্তর্জাতিক জাদুঘর সমিতি, বাংলাদেশ শিশু একাডেমি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, দৈনিক জনকণ্ঠ, অন্যপ্রকাশ, ইতিহাস সম্মিলনী ময়মনসিংহ, চন্দ্রাবতী একাডেমি, আশেক আলী খান কলেজ ও কচুয়া ডিগ্রি কলেজ। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকে ফুল দেন অধ্যাপক মামুনকে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে মুনতাসীর মামুন বলেন, ‘মানুষের ভালোবাসা আছে বলেই বাংলাদেশের মতো দেশে এত দিন বেঁচে আছি। আমাকে চারবার হত্যার চেষ্টা করা হয়েছে, চারবার মুরতাদ ঘোষণা করা হয়েছে এবং অসংখ্যবার বিপদ থেকে বেঁচে গেছি। এ জন্য আমার ভাগ্যে বিশ্বাস হয়।’ তিনি বলেন, ‘জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা। বই পড়ে অনেক জানা যায়, কিন্তু জ্ঞান গড়ে তোলে পরিবার ও পরিবেশ। আমার পরিবার আমাকে আমার মতো করে বেড়ে উঠতে দিয়েছে। এই ঋণ কখনো শোধ করার নয়।’