ইতিহাসচর্চা জাতিকে আত্মপ্রত্যয়ী করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসচর্চা জাতিকে আত্মপ্রত্যয়ী ও মানবমুখী করে তোলে। খণ্ডিত ও বিকৃত ইতিহাস বিভ্রান্ত করে জাতিকে। তাই দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে ইতিহাসকে হতে হয় সত্যসন্ধানী, তথ্যনির্ভর ও যুক্তিনিষ্ঠ।
‘চট্টগ্রামের আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক শরীফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অপরাপর অঞ্চল থেকে ভিন্ন। এ অঞ্চলের সমাজ গঠন, সাংস্কৃতিক বনিয়াদ, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধর্মীয় মেলবন্ধন অত্যন্ত সুপ্রাচীন ও ঐতিহ্যবহ। চট্টগ্রামের সূর্যসন্তান মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে জাগরণ সৃষ্টি হয়েছিল এরই পথ ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন সূর্যসেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ব্রিটিশবিরোধী আন্দোলন, দক্ষিণ এশিয়ারই বড় আন্দোলনগুলোর একটি। বাঙালির মুক্তিসংগ্রামের যে ভিত্তি সেটিও এসেছিল তাঁর আন্দোলনের অনুপ্রেরণা থেকেই। অথচ আমরা এখন সূর্যসেনের ইতিহাসকে অবহেলা করছি। তাঁর সঙ্গে সাম্প্রদায়িকতার ইতিহাসকে জড়িয়ে দিয়েছি। সূর্যসেনের ইতিহাসকে সঠিকভাবে চর্চা করলে ইতিহাসকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক আশা ইসলাম, এ কে খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান প্রমুখ। সেমিনারে ১৫০ জন দেশি-বিদেশি শিক্ষক ও গবেষক অংশ নেন।