ইতিহাসবিদ ও গবেষকদের মুখোমুখি রিচার্ড ইটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রিচার্ড ইটন বাংলাদেশ নিয়ে তাঁর গবেষণার অভিজ্ঞতা তুলে ধরছেন। বাঁ থেকে পর্যায়ক্রমে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রিচার্ড ইটন ও সেন্ট্রাল উইমেনস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভিন হাসান l ছবি: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রিচার্ড ইটন বাংলাদেশ নিয়ে তাঁর গবেষণার অভিজ্ঞতা তুলে ধরছেন। বাঁ থেকে পর্যায়ক্রমে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রিচার্ড ইটন ও সেন্ট্রাল উইমেনস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভিন হাসান l ছবি: প্রথম আলো

বাংলাদেশের মানুষের ধর্ম, সংস্কৃতি ও সমাজ নিয়ে আরও বেশি গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ইটন। গতকাল রোববার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই বিশ্বখ্যাত ইতিহাস গবেষক বাংলাদেশের গবেষক ও ইতিহাসবিদদের মুখোমুখি হন।
ডুইং হিস্টোরিক্যাল রিসার্চ ইন বেঙ্গল: এ মেমোয়ার’ শীর্ষক ওই মতবিনিময় সভায় রিচার্ড ইটন বাংলা অঞ্চল নিয়ে গবেষণা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয় আয়োজিত ওই সভায় ইটন কোনো একটি অঞ্চলের ইতিহাস নিয়ে লিখতে ওই অঞ্চলে গবেষকের সরাসরি যাওয়া এবং সেখানকার ইতিহাসের যত উপাদান ও নথি আছে তা পর্যালোচনা, মূল্যায়ন ও বিশ্লেষণ করার ওপর গুরুত্ব দেন।
ইটন তাঁর বাংলা অঞ্চলে ইসলামের বিস্তার নিয়ে গবেষণার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন, ১৯৭৮ সালে দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে এক সম্মেলনে পাবনা অঞ্চলের ওপর গবেষণা দেখে তিনি বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হন। পরে বাংলাদেশের ইতিহাসবিদদের লেখা পড়ার মাধ্যমে আগ্রহ হয় তাঁর। এরপর তিনি এ অঞ্চলে ইসলাম বিস্তার নিয়ে গবেষণা শুরু করেন।
ইটনের মূল বক্তব্যের পর অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, নারীবিষয়ক গবেষক নায়লা কবির, অধ্যাপক ফেরদৌসী আজিমসহ আরও অনেকে তাঁদের মতামত দেন।
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পশ্চিমের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের ইতিহাস বোঝা যাবে না। ইউরোপে যেভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ ছিল। বিশ্বের অন্য অঞ্চলে তেমনটা ছিল না। ফলে এই অঞ্চলের ইতিহাসকে এখানকার উপাদান বিশ্লেষণ করেই বুঝতে হবে।