‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে জাতীয় সংগীত গেয়ে ইতিহাসের অংশ হতে পারবেন যে কেউ। ৪৩তম স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্যসহ কর্মসূচির নানা দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অনুষ্ঠানের ট্রাফিক ব্যবস্থাপনা কমিটির নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল শরাফত হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, অনুষ্ঠানের স্থানে প্রবেশ শুরু হবে সকাল সাড়ে ছয়টা থেকে। শিল্পকলা একাডেমীর আয়োজনে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই গাওয়া হবে জাতীয় সংগীত। সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সকাল পৌনে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বেলা ১১টায় লাখো কণ্ঠে ধ্বনিত হবে জাতীয় সংগীত।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিটিভির মাধ্যমে তা সম্প্রচার করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ বেতারও সরাসরি সম্প্রচার করবে।
ব্রিগেডিয়ার শরাফত হোসেন বলেন, প্রথম তিন লাখ মানুষ প্যারেড গ্রাউন্ডে সমবেত হওয়ার সুযোগ পাবেন। সকাল আটটার মধ্যে তিন লাখ লোক হয়ে গেলে আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। বাইরে যে যেখানে থাকবেন, সেখান থেকেই অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আয়োজনের প্রস্তুতি পর্যায়ে জাতীয় সংগীতের অনুশীলন করবেন সশস্ত্র বাহিনী বিভাগের সদস্য, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোশাকশিল্পের কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। জাতীয় সংগীতের প্রমিত পরিবেশন নিশ্চিত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে শিল্পকলা একাডেমীর তৈরি অডিও সিডি পৌঁছে দেওয়া হয়েছে। উদ্যোগটি সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে। এর ফেসবুক পেজে (www.facebook.com/LakhoKonthe) ইতিমধ্যে ৪৭ হাজার ৭৩০ জন অনুসারী আছেন। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র ওয়েবসাইট (www.lakhokonthe.com) চালু হওয়ার পর ইতিমধ্যেই ৮১ হাজার ৩৯০ জন দর্শক সাইটটি দেখেছেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ বলেন, অনুষ্ঠান সফল করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।