চীনা সংস্করণের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রী
ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল বঙ্গবন্ধুর আত্মজীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের চীনা সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কারাগারে বসে বঙ্গবন্ধুর এ লেখা শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের ইতিহাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ দলিল।
চীনা ভাষায় গ্রন্থটি অনুবাদ করেছেন বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত চাই ঝি ও তাঁর বন্ধুরা। গতকাল বৃহস্পতিবার গণভবনে বইয়ের একটি কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন চাই ঝি। খবর বাসস।
অনুষ্ঠানে ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর চীন সফর এবং ১৯৫৬ সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ঢাকা সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এসব সফরের কথা তাঁর ডায়েরিতে লিখেছেন। সে লেখায় তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছে। চীন এখন বিশ্বে একটি বিরাট অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি। বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে আলাদা আরেকটি বই প্রকাশিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সেটিও চীনা ভাষায় অনুবাদ করার জন্য চাই ঝিকে অনুরোধ করেন।
শেখ হাসিনা বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দিয়ে থাকে। আমরা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ আঞ্চলিক সহাবস্থান এবং এ অঞ্চলকে দারিদ্র্যমুক্ত করতে চাই।’
চীনের সাবেক রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, চীনা সংস্করণের গ্রন্থ বিক্রির সব অর্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে দেওয়া হবে। বাংলাদেশে তাঁর ১৫ বছর চাকরির কথা উল্লেখ করে চাই ঝি বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম।’ তিনি আরও বলেন, বইটি চীনা ভাষায় অনূদিত হওয়ায় চীনের মানুষ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এই মহান নেতা সম্পর্কে জানতে পারবে।
চাই ঝি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন। ছাত্র হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম বাংলাদেশ সফর করেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানও বক্তৃতা করেন।