ইতিহাসের সত্য বের করেছেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান ‘ইতিহাসের সত্য’ বলেছেন। গতকাল মঙ্গলবার এক সমাবেশে তিনি দাবি করেন, বিভিন্ন বই থেকে তারেক এ সত্য উদ্ঘাটন করেছেন।
‘তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার’-এর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল প্রেসক্লাবে ওই সমাবেশের আয়োজন করে।
সম্প্রতি লন্ডনে দুটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমান বলেন, তাঁর পিতা জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন।
ছাত্রদলের সমাবেশে মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমানের বক্তব্যে ভুল থাকলে প্রমাণ করুন। কিন্তু যে ভাষায় আওয়ামী লীগের নেতারা কথা বলছেন, তাতে প্রমাণ হয় যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।’
বিএনপি কোনো বিতর্কে যেতে চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সবাই জানে একাত্তরে কারা যুদ্ধ করেছিলেন, কারা থিয়েটার রোডে ছিলেন।’ ছাত্রদলকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন কঠিন সময়। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি ফজলুল হক, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির প্রমুখ।