ইত্তেফাকের ভাগাভাগি নিয়ে মইনুলের বক্তব্য
দৈনিক ইত্তেফাক-এর সম্প্রতি হয়ে যাওয়া ভাগাভাগি প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন। ‘দৈনিক ইত্তেফাকের ভাগাভাগি এবং কৈফিয়ত’ শিরোনামে পাঠানো ব্যাখ্যায় ব্যারিস্টার মইনুল বলেন, ‘আমার আব্বার প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক সম্প্রতি ভাগাভাগি হয়েছে। পত্রিকাটি একত্রে চালানো প্রশ্নে আমার উত্থাপিত প্রস্তাবগুলো গ্রহণযোগ্যতা না পাওয়ায় আমিই সম্পত্তি ভাগাভাগির প্রস্তাব দিয়েছি। কোম্পানিতে আমাদের শেয়ারের বাজারমূল্যের ব্যাপারে উভয় পক্ষের আইনজীবীরা একমত হয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মেনে নিয়েছি। কারণ, আমার আব্বার গড়া প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক, আমি তা চাইনি।’মইনুল বলেন, ‘ইত্তেফাক-এর ভাগাভাগিতে কার লাভ আর কার ক্ষতি হলো, তা বিচার-বিশ্লেষণ করে দেখিনি। আমি ও আমার পরিবারের সদস্যরা একমত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি চেয়েছি নতুন প্রজন্মকে সংকটমুক্ত রাখতে।’ মইনুল আরও বলেন, পত্রিকাটির অভ্যন্তরীণ সমস্যা মোটেই পারিবারিক নয়, নীতিগত ও দলীয় রাজনীতির সমস্যা। আমি নিজে এসব থেকে বিদায় নিলেও দলীয় রাজনীতির অশুভ আগ্রাসন থেকে পত্রিকাটিকে রক্ষা করতে পারিনি।’ তিনি বলেন, ‘দ্য ডেইলি নিউ নেশন, সাপ্তাহিক রোববার, পাক্ষিক ক্রীড়ালোক, পাক্ষিক বিনোদন ও মাসিক ই-বিজ-এর সঙ্গে দৈনিক ইত্তেফাক কোম্পানির কোনো সম্পর্ক নেই। তাই এসব পত্রিকা আগের মতো ইত্তেফাক ভবন থেকেই প্রকাশিত হবে।’