ইদ্রাকপুর কেল্লা সংস্কার করে জাদুঘর করার সিদ্ধান্ত
সাড়ে তিন শ বছরের পুরোনো মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) সংস্কার করে জাদুঘর করার সিদ্ধান্ত হয়েছে। আগামী জুলাই মাস থেকে এর সংস্কারকাজ শুরু হবে। এ জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।গত ৩০ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগমসহ প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করে ওই কথা জানান।নথিপত্র ঘেঁটে জানা যায়, মোগল সাম্রাজ্যের সময় ১৬৬০ সালে বাংলার সুবাদার মীর জুমলা ঢাকাকে জলদস্যুদের কবল থেকে রক্ষার জন্য বিক্রমপুরের ইদ্রাকপুরে (বর্তমানে মুন্সিগঞ্জ সদরে) এই দুর্গ বা কেল্লা নির্মাণ করেন। সেই থেকে এর নাম ইদ্রাকপুর কেল্লা। কেল্লার আশপাশে একসময় ইছামতী নদী থাকলেও বর্তমানে সেই নদীর অস্তিত্ব নেই।প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, কেল্লাটি সংস্কার ও সংরক্ষণের জন্য ১৯০৯ সালে এটি তালিকাভুক্ত করা হয়। কিন্তু ১৯৪৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এটি মহকুমা প্রশাসকের বাসভবন হিসেবে ব্যবহূত হয়। ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জেলা প্রশাসকেরা কেল্লায় থাকতেন। এর পর থেকে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকে কেল্লাটি।এলাকাবাসী দীর্ঘদিন ধরে কেল্লাটিকে সংরক্ষণ ও সংস্কার করে জাদুঘর নির্মাণের দাবি জানিয়ে আসছিল।পরিদর্শন: গত শনিবার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (ঢাকা) আতাউর রহমান প্রমুখ।কেল্লা পরিদর্শন করে সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম বলেন, ‘আগামী জুলাই মাস থেকে কেল্লার সংস্কারকাজ শুরু করা হবে। প্রাথমিক অবস্থায় ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরে প্রয়োজনমতো আরও টাকা দেওয়া হবে।’ সচিব আরও বলেন, ‘কেল্লাটি বর্তমানে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকলেও সময়মতো আমরা তাঁর কাছ থেকে নিয়ে নেব।’কেল্লাটি সংস্কারের ব্যাপারে কথা হয় প্রত্নতত্ত্ব গবেষক সুফি মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইদ্রাকপুর কেল্লাটি খুব প্রাচীন প্রত্নস্থাপনা। গবেষকদের সঙ্গে পরামর্শ করে সঠিক পন্থায় এটিকে সংরক্ষণ ও সংস্কার করতে হবে। নইলে এর সঠিক কাঠামো বিনষ্ট হতে পারে।’ লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘ইদ্রাকপুর দুর্গটি পরিদর্শন করে এর অবস্থা দেখে অনেক কষ্ট লাগল। কেল্লাটি দ্রুত সংস্কার করে সংরক্ষণ করা উচিত।’