ইদ্রাকপুর দুর্গের পাশে উঠবে ভবন!
মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গের সংস্কার ও সংরক্ষণবিষয়ক পরামর্শক কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে এর পাশেই রাজা শ্রীনাথ অফিসার্স ক্লাব নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের অর্থায়নে গত রোববার এর নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।
শ্রীনাথ ক্লাবটি দুর্গের ঠিক পূর্ব পাশে। মুন্সিগঞ্জের সরকারি-বেসরকারি কর্মকর্তারা সেখানে ঘরোয়া খেলাধুলা ও টেনিস খেলতেন। তবে প্রাচীন ক্লাবের মূল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় জেলা প্রশাসন তা ভেঙে ফেলে।
গত ৯ সেপ্টেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতারসহ পরামর্শক কমিটির সদস্যরা দুর্গটি পরিদর্শন করে ভেঙে ফেলা শ্রীনাথ ক্লাবের স্থানে নতুন ভবন নির্মাণ করতে নিষেধ করেন। ওই দিন পরামর্শক কমিটি জেলা প্রশাসকের সঙ্গে তাঁর কার্যালয়ে সভা করে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দুর্গের আশপাশের ডাকবাংলোসহ আরও বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গটি যাতে দূর থেকে সহজে দেখা যায়, সে জন্য পরামর্শক কমিটি ওই সিদ্ধান্ত নেয়। জেলা প্রশাসক সাইফুল হাসানও ওই কমিটির সদস্য।
জেলা পরিষদের কর্মকর্তারা জানান, দুর্গের পাশে রাজা শ্রীনাথ অফিসার্স ক্লাবের নতুন ভবন তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ জন্য এক কোটি দুই লাখ ৮৫ হাজার টাকা ব্যয় হওয়ার কথা। তবে ভবন নির্মাণে জেলা পরিষদ প্রথম ধাপে সাড়ে আট লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগসহ কার্যাদেশ দেওয়া হয়েছে।
কয়েকজন এলাকাবাসী জানান, অফিসার্স ক্লাবটি বর্তমান টেনিস মাঠের দক্ষিণ দিকে সদর উপজেলা ভূমি কার্যালয়সংলগ্ন স্থানে করা যেতে পারে। আর মাঠটি উত্তর দিকে ভেঙে ফেলা ক্লাবের জায়গায় বর্ধিত করা হলে দুই দিকই রক্ষা করা সম্ভব হবে।
পরামর্শক কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দুর্গের পাশে ভবন নির্মাণের ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘আমরা ওইখানে একতলা ভবন নির্মাণ করব। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে। একতলা ভবন নির্মাণে কোনো বাধা নেই।’
তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রত্নতত্ত্ব নিদর্শন বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিগ্রহণ করা কোনো স্থাপনার আশপাশে কোনো বাড়ি বা কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অধিদপ্তরের অনুমতি নিতে হয়। শ্রীনাথ অফিসার্স ক্লাব নির্মাণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি।’