ইনকিলাব সম্পাদকের বাসায় তল্লাশির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বাসায় গত শনিবার রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে। তাঁর পরিবারের সদস্যরা এই অভিযোগ করেছেন। তবে পুলিশ এ তল্লাশির কথা অস্বীকার করেছে।
এ এম এম বাহাউদ্দীনের পারিবারিক সূত্র জানায়, রাত নয়টার দিকে সাদা পোশাকের একদল লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় ঢোকে। বাহাউদ্দীন আছেন কি না, কোথায় রয়েছেন তারা জানতে চায়। এরপর তারা বাসার কক্ষগুলোতে ঘুরে তল্লাশি চালায়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তারা চলে যায়। পারিবারিক সূত্র জানায়, সম্পাদক বাহাউদ্দীন কয়েক দিন ধরে বিদেশে অবস্থান করছেন।
এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, বাহাউদ্দীনের বাসায় পুলিশ কোনো তল্লাশি চালায়নি।
পত্রিকার একজন জ্যেষ্ঠ সাংবাদিক জানান, গত কয়েক দিন ধরে ইনকিলাব-এ সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশিত হয়েছে।
গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে পত্রিকাটি হাতে নিয়ে এর পরিবেশিত কয়েকটি সংবাদ উল্লেখ করে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়।
ইনকিলাব সম্পাদকের বাসায় তল্লাশি হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের অনাচারের বিরুদ্ধে সমালোচনা নিষ্ঠুরভাবে বন্ধ করতেই এ পুলিশি তল্লাশি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।