ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক ২ দিনের রিমান্ডে
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।
গত শুক্রবার তিনজনকে আদালতে হাজির করে কেবল আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আতিক, বার্তা সম্পাদক ও উপপ্রধান প্রতিবেদকের জামিন চান তাঁদের আইনজীবীরা।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান রিমান্ড ও জামিনের শুনানির জন্য আজকের দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। পত্রিকাটির ছাপাখানা ও কম্পিউটার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পুলিশ মামলা করে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় দায়ের মামলায় ইনকিলাবের ছাপাখানা বন্ধ করা হয়েছে। মামলার রায় ইনকিলাবের পক্ষে গেলে ছাপাখানা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।