দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদকসহ তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার তিনজনকে আদালতে হাজির করে কেবল কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আতিক, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন চান তাঁদের আইনজীবীরা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান রিমান্ড ও জামিনের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। পত্রিকাটির ছাপাখানা, কম্পিউটার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পুলিশ মামলা করে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিন সাংবাদিকের একজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
তিন সাংবাদিকের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী জানান, সোমবার জামিনের শুনানি হবে।
এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় দায়ের মামলায় ইনকিলাব-এর ছাপাখানা বন্ধ করা হয়েছে। মামলার রায় ইনকিলাব-এর পক্ষে গেলে ছাপাখানা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। গতকাল জাসদের কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রকাশিত সংবাদটি ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে করা হয়েছে।
বিবৃতি: ইনকিলাব-এর বন্ধ ছাপাখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়।’ তিনি অবিলম্বে গ্রেপ্তার করা সাংবাদিকদের মুক্তির দাবি করেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক বিবৃতিতে বলেন, দেশে গণমাধ্যম বন্ধ করার কোনো আইন নেই। কিন্তু সরকার নানা অজুহাতে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র বিকাশের পরিপন্থী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া অপর এক বিবৃতিতে গ্রেপ্তার করা সাংবাদিকদের মুক্তি দাবি করে ইনকিলাব কর্তৃপক্ষকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।