ইনকিলাবের তিন সাংবাদিকের মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব বন্ধ ও তিন সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী অবিলম্বে ইনকিলাব-এর গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তি দাবি করেন। একই সঙ্গে ইনকিলাব ও আমার দেশ পত্রিকা এবং দিগন্ত ও ইসলামিক টিভিসহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান। সাংবাদিক দম্পতি সাগর-রুনির প্রকৃত খুনিদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সাংবাদিক শওকত মাহমুদ বলেন, একের পর এক গণমাধ্যম বন্ধ, সাংবাদিক গ্রেপ্তার ও হয়রানির পরও নীরব থাকলে সাংবাদিক সমাজকে চরম মাশুল দিতে হবে। সমাবেশে সৈয়দ আবদাল আহমদসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
আজ সোমবার দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদকসহ গ্রেপ্তার তিন সাংবাদিকের জামিনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর ওই রাতেই রামকৃঞ্চ মিশন রোডে পত্রিকাটির কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পত্রিকাটির ছাপাখানা, কম্পিউটার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তিনজনকে আদালতে হাজির করে এবং আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। আদালত রিমান্ড এবং জামিনের আদেশ নিয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। পরে সাংবাদিকদের কারাগারে পাঠানো হয়।