ইনকিলাবের প্রতিবেদক দুই দিনের রিমান্ডে
দৈনিক ইনকিলাব-এর কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।
গত শুক্রবার তিনজনকে আদালতে হাজির করে কেবল আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আতিক, বার্তা সম্পাদক ও উপপ্রধান প্রতিবেদকের জামিন চান তাঁদের আইনজীবীরা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান ওই দিন রিমান্ড ও জামিনের শুনানি গ্রহণ না করে গতকাল তা শুনানির দিন ধার্য করেছিলেন।
গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম রিমান্ড শুনানিতে আদালতকে বলেন, ১৬ জানুয়ারি ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে পত্রিকাটি সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবে কাজ করেছে। আসামি আহমেদ আতিক মিথ্যা ও অসত্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেন। এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা আছে, সে ব্যাপারে জানতে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসামিপক্ষে আইনজীবী সৈয়দ আহমেদ গাজী আদালতকে বলেন, প্রতিবেদনটি কয়েকটি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রস্তুত করা হয়। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এটা প্রকাশ করা হয়নি। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পত্রিকার ছাপাখানা ও কম্পিউটার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় বার্তা সম্পাদকসহ তিন সাংবাদিককে। এর আগে ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পুলিশ একটি মামলা করে।