ইনকিলাবের বার্তা সম্পাদক কার্যালয় থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের ইনকিলাব কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ আরও কয়েকজন সাংবাদিকের খোঁজ করে।
ওয়ারী থানার পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দারের করা মামলার আসামি হিসেবে রবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেই মামলাটি দায়ের করেন প্রলয় কুমার।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান ওই মামলায় রবিউল্লাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র জানায়, ১৮ আগস্ট ইনকিলাব-এ প্রকাশিত খবরের কারণে প্রলয় কুমার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই পত্রিকাটি মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ছাড়া পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। মামলায় ইনকিলাব-এর সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।