ইনকিলাবের বার্তা সম্পাদক পাঁচ দিনের রিমান্ডে
দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদক রবিউল্লাহ রবির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান আজ বুধবার এ আদেশ দেন।
ওয়ারী থানার পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। আদালত একই সঙ্গে আসামিপক্ষের করা জামিনের আবেদন নাকচ করে দেন।
গতকাল গভীর রাতে আরকে মিশন রোডের কার্যালয় থেকে পুলিশ রবিউল্লাহ রবিকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ পত্রিকা কার্যালয়ে আরও কয়েকজন সাংবাদিককে খোঁজ করে।
ওয়ারী থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দারের দায়ের করা মামলার আসামি হিসেবে রবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ইনকিলাব-এ প্রকাশিত খবরের কারণে প্রলয় কুমার এ মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই পত্রিকাটি মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ছাড়া পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ মামলা হয়েছে। এতে ইনকিলাব-এর সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, সিটি এডিটর ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।