ইনকিলাবের বার্তা সম্পাদককে কারাগারে পাঠানো হয়েছে
দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েছ কুরুনী খান এই আদেশ দেন।
ডিবি পুলিশ রবিউল্লাহকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে। নতুন করে রিমান্ডের আবেদন না জানানোয় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিউল্লাহর পক্ষে করা জামিনের আবেদন আদালত নাকচ করেন।
১৯ আগস্ট ইনকিলাব পত্রিকায় ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) প্রলয় কুমার জোয়ারদার ওই দিনই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওয়ারী থানায় মামলা করেন। ওই মামলায় রাতেই ইনকিলাব কার্যালয় থেকে রবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। মামলায় ইনকিলাব-এর বার্তা সম্পাদকের পাশাপাশি প্রকাশক ও সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককেও আসামি করা হয়।