ইনকিলাবের সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে মামলা, ছাপাখানায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, পত্রিকার প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাজধানীর আর কে মিশন রোডে ওই পত্রিকার কার্যালয়ে তল্লাশি চালিয়ে পাঁচজনকে নিয়ে যায় পুলিশ। এরা হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-বার্তা সম্পাদক রফিক মোহাম্মদ, জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী, কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক ও বার্তা সম্পাদনা বিভাগের কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

তল্লাশি শেষে ‘ইনকিলাব’-এর ছাপাখানায় তালা লাগিয়ে দেয় পুলিশ।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পত্রিকা ও ওয়েবসাইটে মিথ্যে সংবাদ প্রচার করার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পুলিশ বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেছে।

মামলায় এসআই অভিযোগ করেন, আজ ‘ইনকিলাব’ পত্রিকায় ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে একটি খবর ছাপা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতিসাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির  কাছে চিঠি দিয়ে ওই সহায়তা চেয়েছে। এতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি নিয়ে পুলিশ ‘ইনকিলাব’ পত্রিকার  কার্যালয়ে তল্লাশি চালায়।

‘ইনকিলাব’-এর বিশেষ সংবাদদাতা শাখাওয়াত হোসেন বাদশা ‘প্রথম আলো’কে বলেন, পুলিশ ভবনের প্রতিটি ফ্লোরে গিয়ে অবস্থান নিয়ে কম্পিউটারে তল্লাশি চালায়।