ইনকোয়ারার পুরস্কার পেলেন চার সাংবাদিক
বাংলাদেশে দুর্নীতি দূরীকরণে সাংবাদিকতা পুরস্কার (ইনকোয়ারার অ্যাওয়ার্ড) পেয়েছেন চার সাংবাদিক। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় এই পুরস্কার দিয়েছে থমসন মিডিয়া ফাউন্ডেশন ও এমআরডিআই। স্বাস্থ্য খাতে দুর্নীতিবিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর দুই বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল ও কামরুল হাসান। সরকারি ব্যাংকে বন্ধক বিষয়ে প্রতিবেদনের জন্য যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান চৌধুরী দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সৌরভ রহমান পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ রেলওয়েতে অনিয়ম ও দুর্নীতিবিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের জন্য। বিজয়ীদের মধ্যে তিনজন পুরস্কার হিসেবে যুক্তরাজ্যে শিক্ষাসফরে যাবেন। পুরস্কারজয়ী নির্বাচনের জন্য বিচারকমণ্ডলীতে ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, এপি বাংলাদেশের ব্যুরোপ্রধান ফরিদ হোসেন, ডেইলি স্টার-এর উপসম্পাদক শাহরিয়ার খান, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন এবং মাছরাঙা টেলিভিশনের বাণিজ্য বিভাগের ইনচার্জ মিরাজ আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি।