ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকস ২০১৪ আজ রোববার শুরু হচ্ছে তাইওয়ানের তাইপে শহরে। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতাটিতে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. কায়কোবাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসনাইন হেইকেল জামির নেতৃত্বে চার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এঁরা হলেন, চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার, বি এফ শাহিন কলেজের লাবিব মো. রশিদ, নটর ডেম কলেজের তন্ময় মল্লিক ও সরকারি এমএম সিটি কলেজের হাছিব আল মুহাইমিন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়ে গঠিত বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটি দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। উল্লেখ্য, বাংলাদেশ ২০০৪ সালে সর্বপ্রথম পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় এ প্রতিযোগিতায়। বিজ্ঞপ্তি।