ইনভেস্টরস ফোরামের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের সড়ক অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের সদস্যরা। ঘটনার জন্য অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএসইসির চেয়ারম্যানকে দায়ী করে তাঁদের পদত্যাগ দাবি করেন। ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফোরামের প্রচার সম্পাদক সরওয়ার কিবরিয়া, সদস্য আবদুল মতিন, মো. আলমগীর হোসেন, শেখ রাসেল, মো. জাহেদ, সাইফুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ তিন বছর পর বাজার যখন গতিশীল হচ্ছিল, ঠিক তখনই একটি কুচক্রি মহল বাজারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এতে নতুন বিনিয়োগকারীরা আবার সর্বস্বান্ত হয়ে পড়ছেন। এ অবস্থা চলতে থাকলে তাঁদের ঈদ পালন করাও সম্ভব হবে না। বিনিয়োগকারীরা বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানান।