ইনসেপ্টার কর্মচারীকে ১৫ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা আদায়ের জন্য ইনসেপ্টা ওষুধ কোম্পানির এক কর্মচারীকে ১৫ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রুবেল হোসেন নামের ওই কর্মচারীকে ইনসেপ্টার নারায়ণগঞ্জ ডিপো অফিসের একটি কক্ষ থেকে গতকাল রোববার মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডিপো ম্যানেজার আবদুল মালেককে আটক করা হয়েছে।রুবলে হোসেনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মিয়া জানান, আট মাস ধরে তিনি ইনসেপ্টা কোম্পানির পরিবেশকের সহকারী হিসেবে কাজ করছেন। তিনি সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলায় দায়িত্ব পালন করেন। ৯ মার্চ তিনি কোম্পানির প্রধান কার্যালয়ে সাড়ে চার লাখ টাকা ডিডি করে পাঠানোর জন্য ভুলতা ইসলামী ব্যাংকে যাওয়ার উদ্দেশে টেম্পোতে ওঠেন। কিন্তু ভুলবশত তিনি টাকা টেম্পোতে ফেলে নেমে যান। তিনি ঘটনাটি দ্রুত কোম্পানির নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার আবদুল মালেককে জানান। ১২ মার্চ রুবেল দায়িত্ব পালনের জন্য ডিপো অফিসে গেলে ম্যানেজার আবদুল মালেক তাঁকে টাকার জন্য চাপ দেন এবং একপর্যায়ে অফিসের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। রুবেল মাগুরার সদর উপজেলার পারনানদুয়ালি গ্রামের আসাদুজ্জামানের ছেলে। ফতুল্লা মডেল থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিপো ম্যানেজার আবদুল মালেককে আটক করা হয়েছে।